১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চবির হল সংসদে নেতা হলেন যারা

ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা একাধিক হলে প্যানেল দিয়েছিল; কোথাও কোথাও ছিল সমর্থিত প্রার্থী, যা ছাত্রদলের ক্ষেত্রে দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল ও হোস্টেল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা তুলে ধরা হয়।

তালিকায় দেখা গেছে, চাকসুর মতো হল সংসদের ভোটেও ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।  

এবারের চাকসু ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রী সংস্থা বিভিন্ন হলে প্যানেল দিয়েছিল। প্যানেলের বাইরে অনেক প্রার্থীর প্রতি তাদের সমর্থনও ছিল।

অন্যদিকে তাদের মূল প্রতিদ্বন্দ্বী ছাত্রদল কোনো প্যানেল দেয়নি। কাউকে প্রকাশ্যে সমর্থন করতেও দেখা যায়নি। 

শহীদ আবদুর রব হলে ভিপি নির্বাচিত হয়েছেন বোরহান উদ্দিন, জিএস মনির হোসেন ও এজিএস নির্বাচিত হয়েছেন মো. আবু বক্কর ।

সোহরাওয়ার্দী হলে মো. নিয়ামত উল্লাহ (আবরার ফারবী) ভিপি, মো. নুরুন্নবী সোহান জিএস এবং রেসালাতুর রহমাত (রেসাত লিছান) এজিএস নির্বাচিত হয়েছেন। এ হল সংসদের নির্বাচিত তিন জনই ইসলামী ছাত্রশিবির সমর্থিত বলে জানা গেছে।  

এ এফ রহমান হলে ভিপি পদে মো. শাহরিয়ার আহমেদ সোহাগ, জিএসে মো. তামিম চৌধুরী এবং এজিএস পদে মো. সাইদুল ইসলাম জয়ী হয়েছেন। তাদের মধ্যে ভিপি, জিএস, দুইজনই ছাত্রদলের সঙ্গে যুক্ত বলে ক্যাম্পাসে আলোচনা আছে। 

আলাওল হলে মো. রাকিবুল বশর ওরফে রাকিব মাহমুদ ভিপি নির্বাচিত হয়েছেন; জিএস পদে নুরনবী হাসান এবং এজিএস পদে জিতেছেন মো. শোয়েব তুষার। এদের মধ্যে নুরনবী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত বলে কেউ কেউ বলছেন। 

শাহ আমানত হলে ভিপি পদে জাহাঙ্গীর আলম হান্নান, জিএস পদে আবিদুর রহমান এবং এজিএস পদে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিজয়ী হয়েছেন।

শাহজালাল হলে ভিপি হয়েছেন মো. আলা উদ্দীন (সন্দ্বীপী), জিএস পদে ওয়াহিদুল ইসলাম ও এজিএস পদে ইমতিয়াজ জাবেদ জয় পেয়েছেন। ইমতিয়াজ জাবেদ ছাত্রদলের সমর্থক বলে আলোচনা আছে। 

অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিপুল চাকমা, জিএস হয়েছেন কবীর আলী এবং এজিএস নির্বাচিত হয়েছেন অনন্ত কীর্ত্তনীয়া ।

শহীদ ফরহাদ হোসেন হলে ভিপি পদে জয় পেয়েছন শরীফুল ইসলাম, জিএস পদে মাসউদুর রহমান ফাহাদ এবং এজিএস পদে কাজী তাফহীমুল হক নির্বাচিত হয়েছেন।

মাস্টার দা সূর্য সেন হলে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়নমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ।

এ হলে ভিপি নির্বাচিত হয়েছেন মো. তাজিম ইবনে হাবিব, জিএস হয়েছেন সাদমান আল তাছিন এবং এজিএস নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন।

তাদের মধ্যে ভিপি-জিএস দুইজনই ছাত্রদলের সমর্থক হিসেবে পরিচিত। 

ছাত্রীহলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে আদিবাসী ও বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের ছাত্রীরা ‘হৃদত্যার বন্ধন’ নামে একটি প্যানেল ঘোষণা করেছিলেন। 

হলটিতে ১৪ পদের মধ্যে জিএস, এজিএস ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছাড়া বাকি ১১টি পদে নির্বাচন হয়নি। 

জিএস পদে হৃদ্যতার বন্ধন প্যানেল থেকে সিংঞো ইউ মারমা জয়ী হয়েছেন। বাকি দুই পদে হেরে গেছেন তাদের প্রার্থীরা। 

এ দুই পদের মধ্যে এজিএস পদে সুমাইয়া আক্তার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে তাসফিয়া তাবাসসুম জয়ী হয়েছেন। 

শামসুন নাহার হলে ‘অদম্য শিক্ষার্থী জোট’ নামে একটি প্যানেল দিয়েছিল ইসলামী ছাত্রী সংস্থা।

এ প্যানেলের ভিপি পদে ফাইরুজ ফেরদৌস, জিএস পদে সাদিয়া বিনতে সিদ্দিক ও এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী পিংকী রানী জয়ী হয়েছেন। 

দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ভিপি নির্বাচিত হয়েছেন সুমাইয়া নুসরাত, জিএস পদে নাজিফা তাসফিয়াহ এবং এজিএস পদে ইসরাত জাহান জয়ী হয়েছেন। 

বিজয় ২৪ হলে সানু আক্তার নদী জিতেছেন ভিপি পদে। মোছা. সাদিয়া মাহসীন জিএস ও এজিএস পদে শাম্মী আক্তার সুরভি জয়ী হয়েছেন। 

প্রীতিলতা হলে ইসলামী ছাত্রী সংস্থা একটি প্যানেল দিয়েছিল। সে প্যানেল থেকে ভিপি পদে মিজবাহুল জান্নাত তারিন জয়ী হতে পারেননি। জয়ী হয়েছেন নুসরাত জাহান তৃণা।  সেখানে জিএস পদে নাদীয়া সুলতানা তাসনীয়া এবং এজিএস পদে আফরিদা রিমা দুইজনই ইসলামী ছাত্রী সংস্থার প্যানেলের প্রার্থী। 

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলটি চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। এখানে ভিপি নির্বাচিত হয়েছেন খন্দকার মাশরুর আল ফাহিম ও জিএস পদে জয় পেয়েছেন আফসার সরকার। এজিএস পদে এ হোস্টেলে একজন মাত্র প্রার্থী থাকায় নির্বাচন হয়নি।

আবার গুনেও একই ফল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে দুটি হলের ফল নতুন করে গণনা করলেও হেরফের হয়নি; একই ধরনের ফল এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার চাকসু নির্বাচন কমিশন সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু ও হল সংসদের নির্বাচনে আমাদের কাছে কিছু অভিযোগ এসেছিল। এগুলোর পরিপ্রেক্ষিতে কমিশন দুইটি হলের ফল নতনু করে গণনার সিদ্ধান্ত নিয়েছিল। 

“এর মধ্যে বৃহস্পতিবার বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী হল এবং সন্ধ্যা ৬টায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ফল পুনঃগণনা করা হয়েছে। পুনঃগণনায়ও একই ফল এসেছে।” 

বুধবার গভীর রাতে সোহরাওয়াদী হলের ফল গননায় ১ হাজার ২০৬ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছিলেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত মো. নিয়ামত উল্লাহ ওরফে আবরার ফরাজী। তার নিকটতম প্রতিদ্বন্ধ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত জমাদিউল আউয়াল সুজাত। তার প্রাপ্ত ভোট ছিল ১ হাজার ২০৩। 

রাতে সুজাত ফল পুনঃগননার দাবি করেন। 

একইভাবে অতীশ দীপঙ্কর হলে ভিপি নির্বাচিত হন রিপুল চাকমা, তার প্রাপ্ত ভোট ছিল ২১৭। তার প্রতিদ্বন্ধ্বী হিরামন সরকার ভোট পেয়েছেন ২১৬টি। 

এবার চাকসুও শিবিরের 

চাকসুতেও জয়জয়কার শিবিরের, কোন পদে জয়ী কারা