Published : 09 Sep 2026, 12:30 AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন জানিয়েছেন।
আরিফুল ইসলাম নামে ওই শিক্ষার্থী প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ সেশনের। বাড়ি খাগড়াছড়িতে।
প্রাণিবিদ্যা বিভাগের আরেক শিক্ষার্থী সামির ইসলাম বলেন, রাত ১০টার দিকে শহীদ আবদুর রব হলের গেইটের পাশে ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি রাশেদা চৌধুরী বলেন, “আরিফুলের প্রাণিবিদ্যা বিভাগের এক বড় ভাই ম্যারাথনে গিয়েছেন। সেটা নিয়ে একটি ব্যানার লাগানোর জন্য হলের গেইটের ওপর উঠেছিল আরিফুল। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
“প্রথমে তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর বলা হয়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই হয়ত তার মৃত্যু হয়েছে।”