Published : 27 Dec 2025, 12:18 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার নেওয়া হবে।
এদিন বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে।
এবার ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষা হবে।
ঢাকার বাইরের কেন্দ্রের মধ্যে রয়েছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় স্থানান্তর করেছে, তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
“এরই মধ্যে ভর্তি পরীক্ষার জন্য মিরপুর ও ফার্মগেট এলাকায় ৩টি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও সুবিধাজনক করতে মেট্রোরেলের সময় ব্যবধান কমানো হয়েছে। এদিন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত মেট্রোরেল চলাচল করবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি কর্তৃপক্ষ তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের ২৭ ডিসেম্বরের পরীক্ষা একদিন পিছিয়েছে। সে হিসাবে ২৮ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।