১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিয়ম লঙ্ঘনের অভিযোগ, আবিদ বললেন 'ভিত্তিহীন'

“কেন্দ্রের অফিসার নিজেই আমাকে কেন্দ্রের ভেতরে নিয়ে গেছেন এবং আমাকে স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়েছেন। এটা নির্বাচনের একটা স্বাভাবিক প্রক্রিয়া।"

নিয়ম লঙ্ঘনের অভিযোগ, আবিদ বললেন 'ভিত্তিহীন'
আবিদুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 11:46 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদ। তাতে 'নিয়ম লঙ্ঘন' হয়েছে বলে অভিযোগ ওঠে এবং সংবাদ মাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়।

সকাল সাড়ে ১০টায় টিএসসি কেন্দ্র পরিদর্শনে এলে আবিদকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

জবাবে তিনি বলেন, "খবরটি আমার লোকজন আমাকে দেখিয়েছে। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং এর কোনো ভিত্তি নেই।"

ছাত্রদলের প্রার্থীর দাবি, ওই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা নিজেই তাকে কেন্দ্রের ভেতরে নিয়ে গেছেন।

"আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা পরিকল্পিত এবং তার কোনো ভিত্তি নেই। কেন্দ্রের অফিসার নিজেই আমাকে কেন্দ্রের ভেতরে নিয়ে গেছেন এবং আমাকে স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়েছেন। এটা নির্বাচনের একটা স্বাভাবিক প্রক্রিয়া।"

‘অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায়’ মন্তব্য করে আবিদ বলেন, "আজকে কোনো অভিযোগ নয়।"