Published : 05 Aug 2026, 11:14 PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদের ওপর হামলা হয়েছে। জকসু নেতাদের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এ হামলা করেছে।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বুধবার সন্ধ্যা ৭টার দিকে নূর মোহাম্মদ হামলার শিকার হন বলে তথ্য দিয়েছেন জকসু নেতারা।
আহত নূর বিশ্ববিদ্যালয় শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। একই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য ইসমাইল হোসেন তানিম, রাকিব শিকদার ও আলফাজ আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সোহরাওয়ার্দী কলেজের সামনে একদল যুবকের মারধরে এক পর্যায়ে সড়কে পড়ে যান নুর। এরপর তাকে ধাওয়া করে তাড়িয়ে দেয় তারা।
এ হামলায় নূর মাথার পেছনে আঘাত পেয়েছেন। ঘটনার পরপরই তাকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
জকসু ভিপি রিয়াজুল ইসলামের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে নূরের ওপর হামলা হয়েছে।
একই অভিযোগ তুলে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ এক ফেইসবুক পোস্টে বলেন, “ছাত্রদল কি এখন গুণ্ডা পোষা শুরু করেছে? সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদসহ নারী শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”
অভিযোগের বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনসহ সংগঠনের কাউকে ফোন করে পাওয়া যায়নি।
হামলার বিষয়ে প্রক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারী যেই হোক না কেন, জগন্নাথের ছাত্রের ওপর হামলা কাম্য নয়। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
এদিকে নূর মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।