Published : 01 Jan 2026, 11:44 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষকের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক ছাত্রী।
বৃহস্পতিবার বিকালে তাপসী রাবেয়া হলের সামনে এ ঘটনার পর ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রক্টর জানিয়েছেন।
চিকিৎসকরা বলছেন, ওই শিক্ষার্থীর পায়ের হাড় ভেঙে গেছে।
আহত মোসা. লিজা আক্তার ইতিহাস বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি রহমতুন্নেসা হলের আবাসিক ছাত্রী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি মেয়েদের তাপসী রাবেয়া হলের সামনে ওই ছাত্রীকে ধাক্কা দিলে তিনি ছিটকে দূরে পড়ে যান। গাড়িতে ছিলেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ।
আশেপাশে থাকা শিক্ষার্থীরা ওই ছাত্রী উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের একজন আব্দুলাহ আল মারুফ নামে বলেন, “আপুকে এমনভাবে ধাক্কা দিয়েছে যে, উনি গাড়ির উপর দিয়ে উড়ে একদম রাস্তার অন্য সাইডে গিয়ে পড়েন। দুঃখের বিষয় হল ওই শিক্ষক গাড়ি থেকে নেমে একবার দেখলেনও না।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার বলেন, “বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে আনা হয়। তার পায়ের একটি স্থানে হাড় ভেঙে গেছে।
“তাকে অর্থোপেডিকস বিভাগের এক নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাতেই অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হয়েছে।”
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনা হতে পারে, কিন্তু মানবিক দায়িত্ব হল সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া।
“আমি সংশ্লিষ্ট শিক্ষককে বলেছি, প্রয়োজনে ঢাকা বা বিদেশে চিকিৎসা হলেও সব খরচ তাকেই বহন করতে হবে।”
ঘটনার ব্যাপারে অধ্যাপক আবুল কালাম আজাদের নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।