১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘জুলাই আন্দোলন নিয়ে পোস্ট দেওয়ায়’ চবি শিক্ষক বরখাস্ত

দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‘জুলাই আন্দোলন নিয়ে পোস্ট দেওয়ায়’ চবি শিক্ষক বরখাস্ত
সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:07 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

চব্বিশের জুলাই অভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করে’ ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তাদের মধ্যে দর্শন বিভাগের একজনকে স্থায়ীভাবে এবং ইতিহাস বিভাগের একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম জানিয়েছেন।

প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল ওয়াহেদ চৌধুরী গত ৩ জুলাই তার ফেইসবুক প্রোফাইলে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি পোস্ট করেন। পরে ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ পরিপ্রেক্ষিতে ১২ জুলাই উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. আল আমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানকে অবমাননা ও বিদ্রুপ করার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটে সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটিও গঠন করা হয়েছে।”

তবে আবদুল ওয়াহেদ চৌধুরী বলেছেন, তিনি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।

গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। 

গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

একই ঘটনায় ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসির হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, ইতিহাস ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একজনকে স্থায়ী এবং একজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এসব সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে।

অধ্যাপক সফিকুল ইসলাম বলেন, “এসব সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদন করা হয়েছে।”

গত ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে একটি ক্যারিয়ারবিষয়ক অনুষ্ঠান চলাকালে র‍্যাগিংকে কেন্দ্র করে দর্শন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। 

ওই অনুষ্ঠানে ইতিহাস বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে দর্শন বিভাগের কয়েকজন শিক্ষার্থী হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা সেখানে গিয়ে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

পরে দুই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরাও তাতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে দর্শন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওয়াসিমের লাঠির আঘাতে ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাশরাফি মুনওয়ার মাহী আহত হন। তার বাম হাতের হাড় ভেঙে যায় বলে চিকিৎসকেরা জানান। ১১ অগাস্ট মাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেন।