Published : 14 Apr 2026, 06:05 PM
বর্ণিল নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলা বর্ষবরণ উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাব ‘ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টস’ (ইসিপিএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের আঙিনায় সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’-এর শিল্পীরা সমবেত সংগীত ও নাটক পরিবেশন করেন। উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর পরিবেশনা।
বিকালের আয়োজনে ছিল ইসিপিএ-এর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’-এর কনসার্টের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
এসব অনুষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সারাদিন চলেছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী মেলা’। মেলার বিভিন্ন স্টলে ছিল দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, গয়না এবং প্রসাধনী সামগ্রী।
উৎসবের আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক শামস রহমান ও উপ-উপাচার্য অধ্যাপক আশিক মোসাদ্দিক অংশগ্রহণ করেন।