১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দশম সমাবর্তন

সমাবর্তনে ৯ শিক্ষার্থীকে আচার্য গোল্ড মেডেল এবং ৫৫ জনকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে দশম সমাবর্তন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:35 PM

Updated : 01 Sep 2026, 09:04 PM

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজন হয় বলে বিশ্ববিদ্যালয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আর্বানা-স্যাম্পেইনের এডওয়ার্ড উইলিয়াম এবং জেন মার গুটসেল অধ্যাপক মো. তাহের আবু সাইফ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী।

উপদেষ্টা বলেন, “শিক্ষা এখন আর মুষ্টিমেয় তথাকথিত কিছু অভিজাত শ্রেণির মধ্যে কুক্ষিগত নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার ব্যাপক বিস্তৃতি ঘটেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার দ্বারও এখন দেশব্যাপী উন্মুক্ত।

“সরকার শিক্ষা পদ্ধতিতে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এই পরিপ্রক্ষিতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের শিক্ষাক্রমে যুগপৎ জ্ঞান ও দক্ষতার সমন্বয় ঘটাতে হবে।”

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫ হাজার ৯৭৭ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। যার মধ্যে স্নাতকে ৪ হাজার ২১৬ জন এবং স্নাতকোত্তরে ১ হাজার ৭৬১ জন।

সমাবর্তনে নয়জনকে আচার্য গোল্ড মেডেল এবং ৫৫ শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আলমগীর অনুষ্ঠানে বলেন, “শিক্ষার্থীদের জ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতে হবে। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে, যাতে তারা নেতৃত্ব দিতে পারে। আত্মকেন্দ্রিকতা বাদ দিয়ে একসঙ্গে চলার সক্ষমতা অর্জন করতে হবে।”

অন্যদের মধ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক, উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান মাহমুদ এবং রেজিষ্ট্রার এ. কে. এম. নজরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য দেন।