১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির এমওইউ সই

চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 07:59 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

কার্টিন বিশ্ববিদ্যালয়ের মালয়েশিয়ার ক্যাম্পাসে চুক্তি সই হয়েছে বলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। 

“চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা ও সামাজিক বিজ্ঞানের মত ক্ষেত্রগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে কার্টিনের খ্যাতনাম ‘এনার্জি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম’ অন্যতম কেন্দ্রবিন্দু হবে। চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে।”

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কার্টিন ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ ভিনসেন্ট লি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবীর।

ভিনসেন্ট লি বলেন, “এই সমঝোতা নতুন দিগন্ত উন্মোচন করবে; যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।”

আনোয়ারুল কবীর বলেন, “আমরা প্রথম দিন থেকেই কার্যকর সহযোগিতার মাধ্যমে যৌথ সাফল্যের লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।”

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর আদনান খান বলেন, “বিশ্বমানের গবেষণা, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে প্রেসিডেন্সি ভবিষ্যতে আরও শীর্ষ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলবে।”