১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৬ দিনের ছুটি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা, ঈদযাত্রায় বিভাগীয় শহরে নিজস্ব পরিবহনের ব্যবস্থা

সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুটি করে মোট নয়টি বাস শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 07:51 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৪ মে থেকে টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

এই সময়ে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সাত বিভাগীয় শহরে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ মে থেকে ৩ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস এবং পরদিন ৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। 

ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

তবে এর আগে ২২ ও ২৩ মে সাপ্তাহিক সরকারি ছুটি (শুক্রবার ও শনিবার) এবং ছুটি শেষে ৫ ও ৬ জুন পুনরায় সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের ছুটি পাচ্ছেন। ছুটি শেষে ৭ জুন থেকে ফের ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ২২ মে সকাল ৮টায় ক্যাম্পাস থেকে সাত বিভাগীয় শহরের উদ্দেশ্যে পরিবহন পুলের বাস ছেড়ে যাবে। 

প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে একটি করে এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগে দুটি করে মোট নয়টি বাস শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে।

সিলেটগামী বিভাগের ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে গন্তব্যে যাবে। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জন্য ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে পৌঁছাবে।

খুলনা বিভাগের জন্য নির্ধারিত ‘পদ্মা’ বাসটি পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর অতিক্রম করে খুলনায় পৌঁছাবে। বরিশাল বিভাগের জন্য ‘তুরাগ’ বাসটি ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে যাবে বরিশাল। রাজশাহীগামী ‘স্বপ্নচূড়া’ বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে। 

রংপুর বিভাগের জন্য ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর ও গাইবান্ধা হয়ে রংপুর যাবে। অন্যদিকে ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে পৌঁছাবে।

চট্টগ্রাম বিভাগের ‘গোমতি’ বাস কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে। এছাড়া ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে পৌঁছাবে।

পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, “বাসে ওঠার সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। পাশাপাশি চালক ও হেলপারদের নির্দেশনা মেনে শৃঙ্খলা বজায় রেখে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। 

এর আগে কোভিড মহামারীর লকডাউনের সময় প্রথম নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর গত বছরের নভেম্বরে রাজধানীতে স্বল্প সময়ের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পের ঘটনায় ‘আতঙ্ক’ সৃষ্টি হলে ২৪ নভেম্বর প্রশাসন নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেয়।

সবশেষ গত ১৪ মার্চ ঈদ-উল-ফিতরের ছুটিতেও একই ধরনের পরিবহন সুবিধা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় এবার চতুর্থবারের মত এ ব্যবস্থা করা হল। 

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৮ মে বৃহস্পতিবার।

ঈদ উপলক্ষে এবার ২৫ থেকে ৩১ মে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।