Published : 29 Aug 2025, 07:34 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী ‘অনলাইনে অপপ্রচার’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আবিদুল ইসলাম খান।
জাতীয়তাবাদী ছাত্রদল থেকে মনোনয়ন পাওয়া এ ভিপি প্রার্থী বলছেন, “ইতোমধ্যে আমাদের প্যানেলের আন্তর্জাতিক সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকের ফেসবুক আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে।
“নির্বাচন যত ঘনিয়ে আসছে, আমাদের প্রার্থীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটা গোষ্ঠী অনলাইনে অপপ্রচার চালাচ্ছে।”
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে আবিদুল বলেন, “যে ঘটনাই ঘটুক না কেন, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কোনো অপরাধ করলে শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত আছি। কিন্তু কোনো মিথ্যা ঘটনা আমাদের ওপর চাপিয়ে দেবেন না।”
অনলাইনে অপপ্রচার চালাতে থাকলে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হবে মন্তব্য করে এ ভিপি প্রার্থী বলেন, “আমরা কোনো অভিযোগ দিতে চাই না,অভিযোগের দিকে যেতেও চাই না। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে সম্মিলিতভাবে হাঁটতে চাই।”
আবিদ বলেন, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন কিংবা ইনস্টিটিউট- যেখানেই যাচ্ছেন,সেখানে শিক্ষার্থীদের ‘অভূতপূর্ব’ সাড়া পাচ্ছেন।
“ক্যাম্পাসে নির্বাচনের সুন্দর আমেজ বইছে। কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, যেগুলো নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে।”
ডাকসুর নির্বাচন কমিশনকে উদ্দেশ করে আবিদুল ইসলাম বলেন, “আমি আবার অনুরোধ করব, যেসব ফেসবুক পেইজ বা অনলাইনে প্রার্থীদের সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।”