১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার

শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে এ পরীক্ষা স্থগিত করা হয়।

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:57 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকের বিজ্ঞান ইউনিটের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা শনিবার (২৭ ডিসেম্বর) নেওয়া হবে।

সেদিন বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।

রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার নতুন সময় ঘোষণা করে বলা হয়, এ ইউনিটের ঢাকার বাইরের যেসব পরীক্ষার্থীর আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকায় অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আছে এবং তাদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। 

সেক্ষেত্রে ২১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টার মধ্যে ঢাকায় কেন্দ্র পরিবর্তনের জন্য ওয়েবসাইটের (admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদনের সঙ্গে অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেসন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।

বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শনিবার (২০ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তা স্থগিতের কথা শুক্রবার জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’,  ১৩ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ২৯ নভেম্বর ‘চারুকলা ইউনিট’ ও ২৮ নভেম্বর আইবিএর ভর্তি পরীক্ষা হয়।