২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাইমসের ইয়ং ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে নর্থ সাউথ

এই র‌্যাংকিংয়ে বিশ্বে ৩০১-৩৫০ তম অবস্থানের মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 05:48 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইয়ং ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৪- এ নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম; বিশ্বে ৩০১-৩৫০ তম অবস্থানের মধ্যে রয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি জানায়, এই র‍্যাংকিংয়ের জন্য অনূর্ধ্ব ৫০ বছরের ৬৭৩টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হয়।

১৩টি সূচকের উপর ভিত্তি করে ১৯৭৪ সালের পরে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মান পরিমাপ করা হয়। পাঠদান (শিক্ষার পরিবেশ), গবেষণার পরিবেশ (পরিমান, আয়, খ্যাতি), গবেষণার গুণগতমান (সাইটেশন ইমপ্যাক্ট, গবেষণার সক্ষমতা, গবেষণার উৎকর্ষ, গবেষণার প্রভাব), আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা (কর্মী, শিক্ষার্থী, গবেষণা), এবং ইন্ডাস্ট্রি (আয়, পেটেন্ট)- এই পাঁচ ভাগে সূচকগুলো নির্ধারণ করা হয়। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে ইয়ং ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে। 

গত বছর দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি এই তালিকায় জায়গা করে নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, “আমরা আশা করছি এটি এনএসইউ'র জন্য আরও বড় কিছুর সূচনা মাত্র। এই র‌্যাংকিং প্রমাণ করে আমরা আরও বেশি কিছু অর্জনের জন্য সঠিক পথে এগোচ্ছি।”

তালিকায় জায়গা করে নেওয়া বাকি তিন বিশ্ববিদ্যালয়কেও অভিনন্দন জানান তিনি।