Published : 04 May 2026, 11:40 AM
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-তে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে রোববার এই ল্যাবের উদ্বোধন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ল্যাবের উদ্বোধন করেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ. হাসান, ইশতিয়াক আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক মো. আব্দুর রহমান।
প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ. হাসান বলেন, “বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অত্যাধুনিক ল্যাবে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রক্রিয়াকরণে সক্ষম।
এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা বৃহৎ পরিসরের এআই মডেল—যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম—নিয়ে কাজ করার সুযোগ পাবেন বলে ভাষ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ফলে শিক্ষার্থীদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন সহজ হবে।
এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সোভরেইন এআই’ উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে।
পাশাপাশি স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি এবং বস্ত্রশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে গবেষণায় এ ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।