জাকসু নির্বাচন: রোববার বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম টানা চলায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনকে কেন্দ্র করে রোববার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ দিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রাখতে রোববার ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে।
সোমবার ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে, তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
