১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্বৈরাচার প্রতিরোধ দিবস স্মরণ

তাদের আশা, গণতন্ত্র ও শিক্ষার যে দাবিতে যারা জীবন দিয়েছেন, নির্বাচিত সংসদ সে স্বপ্ন পূরণ করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 03:56 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

শিক্ষার্থীদের আত্মত্যাগের মাধ্যমে যে দিনে এরশাদবিরোধী আন্দোলনের সূচনা হয়, সেই স্বৈরাচার প্রতিরোধ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক ছাত্রনেতারা।

শনিবার দুপুরের দিকে শিক্ষা ভবনের সামনে ‘শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে’ এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরশাদের সময়ে প্রণীত মজিদ খান কমিশনের শিক্ষানীতি বাতিলের দাবিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলা ভবনের সামনে বটতলায় মিলিত হন।

তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে এগোলে গুলি চালানো হয়। এই আন্দোলনে জয়নাল, জাফর, কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেল, আইয়ুবসহ অন্তত ১০ শিক্ষার্থী নিহত হন। দুর্বার আন্দোলনের মুখে ১৮ ফেব্রুয়ারি সেই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এরশাদ সরকার।

সেটা ছিল সূচনা, সেই পথ ধরেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল।

শনিবার শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনির উদ্দীন আহমেদ, আনোয়ারুল হক, মুশতাক হোসেন, আসাদুল্লাহ তারেক, বজলুর রশিদ ফিরোজ।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের ‘সফল সমাপ্তিতে’ সন্তোষ প্রকাশ করে তারা বলেন, গণতন্ত্র ও শিক্ষার যে দাবিতে জাফর, জয়নাল, মোজাম্মেল, কাঞ্চন, আইয়ুব, দীপালী সাহাসহ যারা জীবন দিয়েছেন, নির্বাচিত সংসদ সে স্বপ্ন পূরণ করবে।