Published : 19 Feb 2026, 01:33 PM
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টা পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে আবাসস্থলে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাস ও পরিচয়পত্র ব্যবহার করতে বলা হয়েছে।
মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে রয়েছে—উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত বা শান্তি কামনা করে বিশেষ মোনাজাত বা প্রার্থনা।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় উপাচার্যের নেতৃত্বে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে।
‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে শুরু হওয়া প্রভাত ফেরিটি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গমন করবে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।