Published : 02 Sep 2025, 02:15 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রচারণা চলার মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসুকে।
মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে নিজের ‘অ্যাপেন্ডিক্স অপারেশনের’ কথা জানান ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সভাপতি।
মেঘমল্লার লিখেছেন, “যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হল। শরীর বিট্রেই করল। আজ রাতে এপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ।”
ওই পোস্টে ‘রাজনৈতিক শত্রু মিত্র’ সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি।
বাম ধারার সাত ছাত্র সংগঠনের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ভিপি পদে প্রার্থী করেছে শেখ তাসনিম আফরোজ ইমিকে। সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামসুন্নাহার হল সংসদের ভিপি হয়েছিলেন তিনি।
এই প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ রয়েছে।
মেঘমল্লারের পোস্ট ফেইসবুকে শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “দ্রুত সুস্থ হয়ে উঠো ভাই। আশা করি তুমি সেরে উঠবে।”
তার পোস্টের নিচে কমেন্ট করে সুস্থতা কামনা করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং ছাত্রশিবির প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অনেকে।