০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়িক বিরোধে ফৌজদারি মামলা: আইনের সীমারেখা কোথায়, বিদেশি বিনিয়োগের ওপর প্রভাব ও ঝুঁকি

নিছক চুক্তিগত বা বাণিজ্যিক বিরোধকে ফৌজদারি মামলায় রূপ দেওয়ার প্রবণতাও উদ্বেগের বিষয়।

>>

Published : 05 Oct 2026, 08:41 PM

Updated : 05 Oct 2026, 08:41 PM

ব্যারিস্টার আমীর ফয়সাল

অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

লেকচারার, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

সাম্প্রতিক সময়ে বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েকটি ঘটনা দেশে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইউনিলিভার বাংলাদেশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলায় এবং সেপ্টেম্বরে ফুডপ্যান্ডা বাংলাদেশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর আগে, গত বছরের নভেম্বরে নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও নিম্নমানের খাদ্যপণ্য বাজারজাতের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশিত হয়।

এসব মামলা ও অভিযোগের সত্যতা এবং অভিযুক্তেরদের দায় আদালতের বিচারের মাধ্যমেই নিরূপিত হবে। ফৌজদারি বিচারের মৌলিক নীতি হলো, দোষ প্রমাণিত না হওয়া অভিযুক্ত ব্যক্তি নির্দোষ বলে বিবেচিত হবেন, ইংরেজিতে যাকে বলা হয় “Presumption of Innocence”. মামলা দায়ের বা গ্রেপ্তারি পরোয়ানা খবরকে অপরাধ প্রমাণের সমার্থক হিসেবে দেখা এই নীতির পরিপন্থি।

এসব ঘটনা জনমনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সৃষ্টি করেছে। কোনো ব্যবসায়িক বিরোধ কখন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে? আর কখন ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে ব্যক্তিগত চাপ সৃষ্টি বা হয়রানি করার জন্য ফৌজদারি মামলা ব্যবহারের আশঙ্কা তৈরি হয়?

প্রশ্নটি শুধু সংশ্লিষ্ট কোম্পানি বা কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থার জন্যও একইভাবে গুরুত্বপূর্ণ।

ব্যবসায়িক বিরোধ বনাম ফৌজদারি অপরাধ

ব্যবসায়িক সম্পর্কে বিরোধ হওয়া স্বাভাবিক। চুক্তি, পণ্য সরবরাহ, মূল্য, অর্থ পরিশোধ, হিসাব-নিকাশ, ইনভয়েস, কমিশন বা চুক্তির শর্ত নিয়ে পক্ষগুলোর মধ্যে মতবিরোধ হতে পারে। এসব বিরোধ আলোচনার মাধ্যমে মীমাংসা করা যায় । প্রয়োজনে দেওয়ানি আদালত, সালিশ বা অন্যান্য উপযুক্ত আইনি ব্যবস্থার মাধ্যমেও বিরোধের সমাধান করা যায়।

বাংলাদেশে ব্যবসায়িক সম্পর্ক ও বিরোধের বিভিন্ন দিক নিয়ন্ত্রণে চুক্তি আইন, ১৮৭২; পণ্য বিক্রয় আইন, ১৯৩০; সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭, কোম্পানি আইন, ১৯৯৪ এবং সালিস আইন, ২০০১ সহ একাধিক আইন রয়েছে। বর্তমানে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সালিস আইন,২০০১ কার্যকরী ভূমিকা পালন করছে।

তবে কোনো ব্যবসায়িক লেনদেন থেকে বিরোধ তৈরি হলেই সেটিকে সরাসরি ফৌজদারি বিরোধ বলা যায় না।

বাংলাদেশের উচ্চ আদালত অর্থাৎ মহামান্য হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিভিন্ন রায়ে বলা হয়েছে, কোনো বিরোধ যদি মূলত দেওয়ানি ধরনের হয়, তাহলে শুধু চুক্তির শর্ত পূরণ না করা বা পাওনা টাকা পরিশোধ না করলেই সব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ হয় না। তবে কোনো ব্যবসায়িক লেনদেনে যদি প্রতারণা বা অন্য কোনো স্বতন্ত্র অপরাধের প্রয়োজনীয় উপাদান বিদ্যমান থাকে, তাহলে সেটি ব্যবসায়িক বিরোধ হলেও ফৌজদারি মামলা হতে পারে।

সাধারণত দেখা যায়, ব্যবসায়িক বিরোধ থেকে যে ধরনের মামলা করা হয়, তার মধ্যে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা প্রতারণার মামলা অন্যতম। দণ্ডবিধি, ১৮৬০-এর ৪১৫ ধারায় প্রতারণার সংজ্ঞা এবং ৪২০ ধারায় প্রতারণা ও অসাধু উপায়ে সম্পত্তি আত্মসাতের শাস্তির বিধান রয়েছে। সাধারণত, এই অপরাধ প্রমাণ করতে হলে দেখাতে হয় যে লেনদেনের শুরুতেই অভিযুক্তের প্রতারণামূলক বা অসাধু উদ্দেশ্য ছিল। একইভাবে দণ্ডবিধির ৪০৫ ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সংজ্ঞা এবং ৪০৬ ধারায় এর শাস্তির বিধান রয়েছে। ৪০৫ ধারার ফৌজদারি বিশ্বাসভঙ্গের অপরাধের ক্ষেত্রে সম্পত্তি বিশ্বাসের ভিত্তিতে অর্পণ করা হয়েছিল এবং সেই বিশ্বাসভঙ্গ করে উক্ত সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করেছেন, এমনটি প্রয়োজন হয়। তাই শুধু পাওনা পরিশোধ না করা বা চুক্তির কোনো শর্ত পূরণে ব্যর্থ হওয়াই এই অপরাধ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। চুক্তিভঙ্গ ও প্রতারণার পার্থক্য নির্ধারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল, সংশ্লিষ্ট প্রতিশ্রুতি বা প্ররোচনার সময় অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল। পরবর্তী আচরণ থেকে সেই উদ্দেশ্য সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। কিন্তু পরে চুক্তি পালনে ব্যর্থ হয়েছেন বলেই শুরু থেকে প্রতারণার উদ্দেশ্য ছিল এমন সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে টানা যায় না।

এ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন মামলায় আদালত বলেন যে, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দীর্ঘদিন চলা ব্যবসায়িক লেনদেনে হিসাব-নিকাশের পর টাকার দাবি উঠলে এবং যদি কোনো পক্ষ সেই দায় পরিশোধে ব্যর্থ হয় তাহলে সেই দায় ফৌজদারি প্রকৃতির দায় হিসেবে গণ্য করা যাবে না। এছাড়া, মহামান্য হাই কোর্ট বিভাগ সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, দেওয়ানি প্রকৃতির মামলায় ক্রিমিনাল মামলা হল একটি আইনের প্রক্রিয়ার অপব্যবহার।

তবে এর অর্থ এই নয় যে বাণিজ্যিক লেনদেন মাত্রই ফৌজদারি আইনের বাইরে। লেনদেনের শুরুতেই প্রতারণার উদ্দেশ্য, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, চেক সংক্রান্ত অপরাধ, বা অন্য কোনো স্বতন্ত্র ফৌজদারি অপরাধ থাকলে ফৌজদারি আইন প্রযোজ্য হবে। আইন নিজেই কিছু বাণিজ্যিক লেনদেনকে বিশেষ বিধানের মাধ্যমে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেছে; উদাহরণ হিসেবে চেক ডিজঅনারের ক্ষেত্রে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ এবং ১৪০ ধারার বিধান উল্লেখ করা যায়।

অর্থাৎ, মূল প্রশ্ন হওয়া উচিত ঘটনাটিতে স্বতন্ত্র ফৌজদারি অপরাধের প্রয়োজনীয় উপাদান আছে কি না।

এই পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসায়িক বিরোধকে যদি অযথা ফৌজদারি প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়, তাহলে একটি চুক্তিগত বা আর্থিক বিরোধ খুব দ্রুত ব্যক্তিগত আইনি সংকটে পরিণত হতে পারে।

ব্যবসায়িক কর্মকর্তাদের ব্যক্তিগত দায় ও ঝুঁকি

কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাণিজ্যিক দাবি থাকলে প্রতিষ্ঠানটি সাধারণত সেই দাবির জবাব দিতে পারে। কিন্তু একই বিরোধে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক বা অন্যান্য কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে আসামি করা হলে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়।

একজন কর্পোরেট নির্বাহী সাধারণত কোম্পানির হয়ে সিদ্ধান্ত নেন এবং কোম্পানির অনুমোদিত প্রক্রিয়ার মধ্যেই কাজ করেন। কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা চুক্তিগত বিরোধ থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত ফৌজদারি দায় তৈরি হওয়ার কথা নয়। ব্যক্তিগত দায়ের প্রশ্নে সংশ্লিষ্ট ব্যক্তির নির্দিষ্ট ভূমিকা, জ্ঞান, উদ্দেশ্য এবং অপরাধের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এ কারণে কোনো বাণিজ্যিক বিরোধের ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাবি এবং ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এই দুটি বিষয়কে আলাদাভাবে দেখা প্রয়োজন।

কারণ কোনো কোম্পানির কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ফৌজদারি মামলা হলে শুধু আইনি খরচই নয়, আদালতে হাজিরা, জামিন, গ্রেপ্তারের ভয়, ভ্রমণে বাধা, পেশাগত সুনাম এবং পারিবারিক জীবনেও প্রভাব পড়তে পারে। পরে অভিযোগটি প্রমাণিত না হলেও এই সময়ের ব্যক্তিগত ও পেশাগত ক্ষতি অনেক সময় সহজে পূরণ করা সম্ভব হয় না।

পরোয়ানা, সংবাদমাধ্যম এবং ‘মিডিয়া ট্রায়াল’

বিজ্ঞ আদালত থেকে কোনো ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়া একটি বিচারিক প্রক্রিয়ার অংশ। এটি অপরাধ প্রমাণিত হওয়ার সমান নয়। কিন্তু বাস্তবে পরোয়ানা জারির খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সংবাদমাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ উক্ত ব্যক্তিকে ‘অপরাধী’ হিসেবে বিবেচনা করে যদিও তখনো অপরাধ প্রমাণিত হয় নাই। সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের এবং গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তির মৌলিক অধিকার বিনষ্ট হচ্ছে কিনা তা পর্যালোচনা করা জরুরি।

এখানেই তৈরি হয় মিডিয়া ট্রায়ালের ঝুঁকি।

একটি মামলায় অভিযোগ করা হল, বিজ্ঞ আদালত পরবর্তীতে পরোয়ানা জারি করলেন এবং সেই খবর বড় শিরোনামে প্রকাশিত হল। কিন্তু পরে তদন্তে যদি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়া যায়, কিংবা আদালতে মামলাটি প্রমাণ না হওয়ায় উক্ত ব্যক্তি খালাস পায়, সেই পরবর্তী তথ্য কি একই মাত্রায় জনসাধারণের কাছে পৌঁছায়?

অনেক সময় তা হয় না এবং সব সময় তা সমান গুরুত্ব পায় না এবং এমন আশঙ্কা থেকেই যায়।

ফলে অভিযোগের সত্যতা বিচারিকভাবে নির্ধারিত হওয়ার আগেই একজন ব্যক্তির সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, এ ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে অনেকেই সামাজিকভাবে নিজের অবস্থান হারিয়েছেন যা পরবর্তীতে পুনরুদ্ধার করা আর সম্ভব হয়নি।

বিশেষ করে বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। কারণ এসব কর্মকর্তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আন্তর্জাতিক পর্যায়েও কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

তাই একটি মৌলিক নীতি মনে রাখা প্রয়োজন। মামলা হওয়া, পরোয়ানা জারি হওয়া এবং অপরাধ প্রমাণিত হওয়া তিনটি ভিন্ন বিষয়। এক্ষেত্রে জনগণকে এসব বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার ক্ষেত্রে সরকার এবং গণমাধ্যমই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এগিয়ে আসতে পারে।

ফৌজদারি বিচারব্যবস্থার অন্যতম উদ্দেশ্য সমাজকে অপরাধ থেকে রক্ষা করা। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও এমন আশঙ্কা প্রায়ই উঠে আসে যে, কিছু ক্ষেত্রে দেওয়ানি পাওনা আদায় বা প্রতিপক্ষের ওপর আর্থিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে ফৌজদারি মামলার আশ্রয় নেওয়া হয়। গ্রেপ্তারের ভয় ও দীর্ঘ আইনি হয়রানির আশঙ্কা দেখিয়ে অযৌক্তিক সমঝোতায় বাধ্য করার চেষ্টা কোনো আইনি ব্যবস্থার জন্যই কাম্য নয়। সব মামলাকে এই দৃষ্টিতে দেখা ঠিক নয়; তবে এ প্রবণতার সম্ভাবনাকে অস্বীকার না করে নীতিগত দিক থেকে খতিয়ে দেখা প্রয়োজন।

বিদেশি বিনিয়োগের জন্য এর প্রভাব কী?

বিদেশি বিনিয়োগকারীরা কোনো দেশে বিনিয়োগের সময় শুধু বাজারের আকার, ক্রেতার সংখ্যা বা ব্যবসার সুযোগ দেখেন না। তারা আরও দেখেন, চুক্তি করলে তা ঠিকভাবে কার্যকর হবে কি না, ব্যবসায়িক বিরোধ হলে কীভাবে সমাধান হবে, আদালতের ওপর কতটা আস্থা রাখা যায়, আইন কীভাবে প্রয়োগ হবে তা কতটা পরিষ্কার এবং কোম্পানির কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আইনি ঝুঁকিতে পড়বেন কি না।

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো রয়েছে। বিদেশি বেসরকারি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা আইন, ১৯৮০-এর আওতায় বিদেশি বিনিয়োগের সুরক্ষা ও ন্যায্য আচরণের বিধান রয়েছে। নির্দিষ্ট আইনগত শর্ত সাপেক্ষে বিনিয়োগের মূলধন ও আয় দেশে ফেরত নেওয়ার নিশ্চয়তার বিধানও রয়েছে।

কিন্তু বিনিয়োগকারীদের আস্থা শুধু আইনের বইয়ে থাকা বিধানের ওপর নির্ভর করে না। বাস্তবে সেই আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, বিরোধ হলে কীভাবে প্রতিকার পাওয়া যাচ্ছে এবং কোম্পানির কর্মকর্তারা কী ধরনের ব্যক্তিগত ঝুঁকির মুখোমুখি হচ্ছেন এসবও সমান গুরুত্বপূর্ণ।

অবশ্য একটি বা কয়েকটি মামলার উপর ভিত্তি করেই এটি বলা সমীচীন নয় যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ঝুঁকিতে পড়ে গেছে। এমন সরল সিদ্ধান্তের পক্ষে যথেষ্ট তথ্যও নেই।

তবে যদি এমন একটি ধারণা তৈরি হয় যে ব্যবসায়িক বিরোধকে ফৌজদারি মামলায় রূপান্তর করে কোম্পানির কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে চাপের মধ্যে ফেলা সম্ভব, তাহলে সেটি বিনিয়োগকারীদের ঝুঁকি মূল্যায়নে নেতিবাচক একটি বিষয় হিসেবে বিবেচিত হতে পারে।

বিশেষ করে এমন পরিস্থিতিতে যেখানে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কের বিরোধ নিষ্পত্তির পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যক্তিগত ফৌজদারি অভিযোগ আনা হয়, সেখানে এই ধারণা আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাণিজ্যিক আদালত নতুন সুযোগ তৈরি করেছে

এই প্রেক্ষাপটে বাণিজ্যিক আদালত আইন, ২০২৬ গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

আইনটি ১০ এপ্রিল ২০২৬ প্রণীত হয়েছে এবং ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলে গণ্য করা হয়েছে। এর আওতায় বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের বিধান রাখা হয়েছে। বাণিজ্যিক লেনদেন, বাণিজ্যিক দলিলের প্রয়োগ ও ব্যাখ্যা, পণ্য ও সেবা আমদানি-রপ্তানিসহ বিভিন্ন ধরনের বিরোধকে এর আওতায় আনা হয়েছে। এই আদালত প্রধানত দেওয়ানি প্রকৃতির বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত হয়েছে।

এর গুরুত্ব হল, ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিশেষায়িত বিচারিক কাঠামো তৈরি করা হয়েছে।

আইনটিতে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমার ব্যবস্থাও রাখা হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন হলে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা কমতে পারে এবং ব্যবসায়িক পক্ষগুলোর জন্য একটি পূর্বানুমানযোগ্য আইনি পথ তৈরি হতে পারে।

এর আগে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) প্রেসিডেন্ট রূপালী চৌধুরীও গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দেশে নির্ভরযোগ্য অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তার মতে, বাণিজ্যিক আদালত সংক্রান্ত এই ব্যবস্থা বিদেশি কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান আইনি অনিশ্চয়তা কমাতে সহায়ক হতে পারে।

তবে শুধু নতুন আইন প্রণয়ন করলেই হবে না। আদালতগুলো কার্যকরভাবে পরিচালনা, দক্ষ বিচারক ও আইনজীবীর সক্ষমতা বৃদ্ধি, দ্রুত শুনানি এবং রায়ের কার্যকর বাস্তবায়ন সবকিছুই নিশ্চিত করতে হবে।

আইনের শাসনের প্রশ্ন

ব্যবসায়িক বিরোধে ফৌজদারি আইন প্রয়োগের প্রয়োজন একেবারে অস্বীকার করার সুযোগ নেই। কোনো ব্যবসায়িক লেনদেনের আড়ালে প্রকৃত প্রতারণা, জালিয়াতি, আত্মসাৎ বা অন্য কোনো অপরাধ সংঘটিত হলে অবশ্যই ফৌজদারি আইন প্রয়োগ করতে হবে।

কিন্তু একইভাবে নিছক চুক্তিগত বা বাণিজ্যিক বিরোধকে ফৌজদারি মামলায় রূপ দেওয়ার প্রবণতাও উদ্বেগের বিষয়।

কারণ ফৌজদারি বিচারব্যবস্থার কাজ শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, নিরপরাধ মানুষকে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ থেকেও রক্ষা করা।

একই সঙ্গে পুলিশি তদন্তকে এমন হতে হবে, যাতে কোনো পক্ষের অর্থ, প্রভাব বা রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ তদন্তের নিরপেক্ষতাকে প্রভাবিত করতে না পারে। অভিযোগকারী ও অভিযুক্ত উভয়ের জন্যই একই মানদণ্ড প্রযোজ্য হওয়া প্রয়োজন।

সংবাদমাধ্যমের ক্ষেত্রেও একই ভারসাম্য জরুরি। অভিযোগ, অভিযুক্তের বক্তব্য, তদন্তের অবস্থা এবং আদালতের পরবর্তী সিদ্ধান্ত সবকিছুর ধারাবাহিকতা পাঠকের সামনে তুলে ধরা প্রয়োজন।

ব্যবসায়িক বিরোধের সমাধান ব্যবসায়িক পথেই

একটি কার্যকর ব্যবসায়িক পরিবেশে বিরোধ থাকবেই। গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই বিরোধের জন্য একটি নির্ভরযোগ্য, দ্রুত এবং পূর্বানুমানযোগ্য প্রতিকারব্যবস্থা থাকা। বাণিজ্যিক বিরোধে যদি দেওয়ানি প্রতিকার, সালিশ এবং বিশেষায়িত বাণিজ্যিক আদালত কার্যকর থাকে, তাহলে ফৌজদারি আইনকে কেবল প্রকৃত অপরাধের ক্ষেত্রেই ব্যবহার করার সুযোগ তৈরি হয়।

এর ফলে এক দিকে প্রকৃত অপরাধের বিচার নিশ্চিত করা সম্ভব হবে, অন্যদিকে ব্যবসায়িক বিরোধকে ব্যক্তিগত হয়রানি বা ভাবমূর্তি ক্ষুণ্ন করার হাতিয়ার হিসেবে ব্যবহারের ঝুঁকিও কমবে।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশকে শুধু বিনিয়োগের সুযোগ তৈরি করলেই হবে না; বিনিয়োগকারীদের এই আস্থাও দিতে হবে যে ব্যবসায়িক বিরোধ হলে তারা আইনের মাধ্যমে ন্যায্য প্রতিকার পাবেন এবং কোনো বিরোধকে অপ্রয়োজনীয়ভাবে ব্যক্তিগত ফৌজদারি ঝুঁকিতে পরিণত করা হবে না।

শেষ পর্যন্ত আইনের শাসনের প্রকৃত পরীক্ষা হল, অভিযোগকারী যেন ন্যায়বিচার পান, প্রকৃত অপরাধী যেন আইনের আওতায় আসেন এবং একই সঙ্গে নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা অভিযোগে হয়রানির শিকার না হন।

ব্যবসায়িক বিরোধের সমাধান হওয়া উচিত আইনের যথাযথ পথে। ব্যক্তিগত হয়রানি, প্রভাবিত তদন্ত কিংবা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নয়।

ডিসক্লেইমার

প্রতিবেদনটি একটি বিজ্ঞাপন বার্তা; সংবাদ প্রতিবেদন নয়। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে তৈরি করা। এর কোনো কনটেন্টের দায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নয়।