১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিআরপির রোগীদের পুনর্বাসন করবে যমুনা গ্রুপ

সিআরপির সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা ও উন্নয়নে অংশীদার হওয়ার কথাও বলেছে যমুনা গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2024, 06:31 PM

Updated : 18 Jan 2024, 06:31 PM

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপিতে চিকিৎসা নেওয়া রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানে পুনর্বাসনের করবে যমুনা গ্রুপ। 

দেশের অন্যতম এ শিল্পগোষ্ঠী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার যমুনা ফিউচার পার্কে গ্রুপের প্রধান কার্যালয়ে চিকিৎসা সহায়তায় যমুনা গ্রুপ ও সিআরপির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। 

সিআরপির মাধ্যমে চিকিৎসা, থেরাপি, পুনর্বাসন, সহায়ক ডিভাইস এবং প্রযুক্তি, ইনকামিং জেনারেটিং কার্যক্রম ও শিক্ষাখাতে অসহায় ও অসমর্থ মানুষদের যমুনা গ্রুপ সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

পাশাপাশি সিআরপির সঙ্গে যুক্ত থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহযোগিতা ও উন্নয়নে অংশীদার হওয়ার কথাও বলেছে যমুনা গ্রুপ।

যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন সমঝোতা স্মারকে সই করেন। 

যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, “দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, জন্মগত শারীরিক ও মানসিকভাবে অক্ষম এবং অসমর্থদের চিকিৎসা দিতে সিআরপির মাধ্যমে সহায়তা করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে সিআরপির চিকিৎসা শেষে রোগীদের প্রশিক্ষণের মাধ্যমে যমুনা গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হবে।” 

যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম বলেন, “বিভিন্ন সামাজিক কাজে যমুনা গ্রুপ সব সময় কাজ করে আসছে। এ ধারাবাহিকতায় যমুনা গ্রুপ সিআরপির সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে। সিআরপিতে চিকিৎসা নেওয়া মানুষদের আমরা বিভিন্নভাবে সহায়তা করব।” 

এ সময় যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক আফসার উদ্দিন, লুকমান বিন আরিফ, জিএম সারোয়ার মজুমদার, শহিদুল ইসলাম, হুরেইন ফেব্রিক্স সিএমও আবদুল হাকিম, সিআরপির ম্যানেজার মাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।