১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজার তদারকির কাজে প্রযুক্তির সমন্বয় চান বাণিজ্য সচিব

“অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 12:48 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

বাজার তদারকির কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং নেতৃত্ব দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার অনুষ্ঠিত ‘বাজার মনিটরিং কাজে নিয়োজিত টিম লিডারদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালায়’ কথা বলছিলেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, “বাজার তদারকির সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানই একটি অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে। এখানে সক্ষমতার ঘাটতির চেয়ে বড় চ্যালেঞ্জ হল কার্যকর সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং মাঠপর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “মোটিভেশন কেবল ধারণা নয়, এটি বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োগ করতে হবে। অভিজ্ঞতা বিনিময় এবং কার্যকর কর্মপদ্ধতির মাধ্যমে বাজার ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা সম্ভব।”

বাজার মনিটরিং কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয় এবং এর অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়। এর পাশাপাশি সরকারের আরও কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর সংস্থাও কাজ করে।

বাণিজ্য সচিব বলেন, “বাস্তবে এটি সকল দপ্তর ও সংস্থার সমন্বিত দায়িত্ব। মাঠপর্যায়ে দ্রুত উপস্থিতি, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্বশীলভাবে কাজ সম্পন্ন করাই এ ব্যবস্থার মূল শক্তি।”

টিম লিডারদের উদ্দেশে তিনি বলেন, নেতৃত্ব হতে হবে দক্ষ, সময়োপযোগী ও ফলাফলনির্ভর। মাঠপর্যায়ে যেকোনো সমন্বয়হীনতা দ্রুত সমাধান করে কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে হবে।

“প্রতিটি বিভাগের ছোট ছোট সফল উদ্যোগই সামগ্রিক বাজার ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। তাই প্রতিটি কর্মকর্তার পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বাজার মনিটরিং ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ওপর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিকল্পনার কথা উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, “মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক শিগগিরই একটি পাওয়ার অ্যাপ উন্নয়ন, টিসিবির কার্যক্রমে এআই-ভিত্তিক মডেল প্রণয়ন এবং বিদ্যমান বাজার মনিটরিং অ্যাপ আরও উন্নত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।”

এসময় মাঠপর্যায়ে বাজার নজরদারি আরও কার্যকর করার কথাও তুলে ধরেন তিনি।

কর্মশালায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সেবাস্টিন রেমা উপস্থিত ছিলেন।