১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে মূলধনী যন্ত্র আমদানি শুল্কমুক্তই থাকছে

অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেটে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্কারোপের প্রস্তাব করেছিলেন।

অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে মূলধনী যন্ত্র আমদানি শুল্কমুক্তই থাকছে
রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এগুলোতে বিনিয়োগে কর অবকাশ সুবিধার কথা জানিয়েছিল সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 08:07 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দাবির মুখে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব থেকে সরে আসছে সরকার।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই শুল্কারোপের কথা বলেছিলেন। পরে ব্যবসায়ীরা তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। 

তারা বলছিলেন, কর অবকাশ সুবিধার কথা জেনেই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এসেছে। এই এক শতাংশ শুল্কারোপ সেই বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। বিরোধী দলগুলোও এই শুল্ক প্রস্তাবের সমালোচনা করে আসছিল।

শনিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপ সমীচিন নয়। আমি অর্থমন্ত্রীর কাছে আগের মত মূলধনি যন্ত্রপাতির ওপর শুল্ক শূন্য শতাংশে রাখতে বিবেচনার অনুরোধ করছি।”

জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের শুল্ক নীতি শাখার দ্বিতীয় সচিব মুকিতুল হাসান জানিয়েছেন  এ বিষয়ে রোববার আদেশ হবে।

“যেহেতু এটি অর্থ আইন সংক্রান্ত বিষয় নয়, তাই অর্থ বিলে রাখা হয়নি। এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত সময়ের মাঝে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ হবে এবং সেটি বাজেট প্রস্তাবের দিন থেকেই কার্যকর ধরে নেওয়া হবে।”

বাংলাদেশে মোট ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য কাজ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এর মধ্যে ৯৭টি অনুমোদন পেয়েছে।

১১টি অর্থনৈতিক অঞ্চল ইতিমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আরও কয়েকটির কাজ এগিয়ে চলেছে।

অন্যদিকে দেশে সরকারি বেসরকারি মিলিয়ে হাইটেক পার্ক অথবা সফটওয়্যার টেকনোলজি পার্ক অথবা আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টারের অনুমোদন দেওয়া হয়েছে ৯২টি। এর মধ্যে ১১টি হাইটেক পার্ক এরই মধ্যে প্রতিষ্ঠা হয়েছে।