১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রেস্তোরাঁ ব্যবসার অনুমোদনে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি মালিক সমিতির

সরকারের কাছে ১১ দফা দাবি তুলে ধরেছেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 04:57 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

রেস্তোরাঁ ব্যবসার অনুমোদন পাওয়ার ক্ষেত্রে সরকারের কাছে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি তুলেছে মালিক সমিতি।

রোববার রাজধানীর সেগুনবাগিচায়  ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে ১১ দফা দাবি তুলে ধরেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। 

এর মধ্যে ভ্যাট ও করহার সহনীয় করা, গ্যাস সংকট নিরসন, ট্রেড ইউনিয়নের নামে নৈরাজ্য বন্ধের মতো দাবি রয়েছে। 

রেস্তোরাঁ খাতকে করপোরেটমুক্ত করার দাবি জানিয়ে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, "রেস্তোরাঁ খাত কোভিড মহামারীর অভিঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি। আবার জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যা বাজার ব্যবস্থাকে আরও দুর্বল করেছে।"

তিনি বলেন, "বর্তমান বাজার পরিস্থিতিতে নিয়ন্ত্রণহীনভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর সরাসরি ও মারাত্মক প্রভাব পড়ছে দেশের রেস্তোঁরা খাতেও। "

ইমরান হাসান বলেন, "দেশে জটিল লাইসেন্সিং প্রক্রিয়া, একাধিক দপ্তরের অনুমোদন এবং সমন্বয়ের অভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

"একটি রেস্তোরাঁ চালু করতে প্রায় ১০-১২টি সনদ প্রয়োজন হয়, যা পেতে ২ থেকে ৬ মাস পর্যন্ত সময় লাগে, ফলে খরচ ও ভোগান্তি বাড়ে এবং খাতটির উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এসব সনদ পেতে কিংবা নবায়ন করতে গিয়ে সরকারি দপ্তরগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানির শিকার হতে হয়।"

রেস্তোরাঁ খাতে ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামানোর পরেও ১০ শতাংশ সম্পূরক শুল্ক ও উৎস কর আছে।

আগামী বাজেটে কর সহনীয় রাখা, উৎসে কর প্রত্যাহার এবং শ্রমিক-কর্মচারীদের ক্যান্টিন ও ক্যাটারিং সেবায় ভ্যাট ৫ শতাংশ  করার দাবি জানায় সংগঠনটি।

সমিতির মহাসচিব বলেন, "সম্প্রতি এই খাতে অতিরিক্ত কর্পোরেট আগ্রাসনের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা টিকে থাকার লড়াইয়ে পড়েছেন।

“বড় বড় করপোরেট গ্রুপের একচেটিয়া বিস্তার বাজারের স্বাভাবিক প্রতিযোগিতা নষ্ট করছে এবং স্বাধীন উদ্যোক্তাদের জন্য অসম পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, রেস্তোরাঁ শিল্পে সুষ্ঠু প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু কোনোভাবেই একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। একচেটিয়া করপোরেট আধিপত্য রোধে কার্যকর নীতিমালা করতে হবে।"

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব  ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলাম ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান বিপু উপস্থিত ছিলেন।

রেস্তোঁরা মালিক সমিতির ১১ দফার মধ্যে রয়েছে—

>> রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন।

>> আগামী অর্থবছরের বাজেটে ভ্যাট ও করহার সহনীয় মাত্রায় রেখে এর পরিধি বাড়ানো।

>> এলপিজি সংকটের দ্রুত সমাধান এবং লাইনের গ্যাসের নতুন সংযোগ পুনরায় চালু।

>> বিভিন্ন দপ্তরের অভিযানের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি বন্ধসহ অভিযান পরিচালনায় ব্যবসায়ি প্রতিনিধির অন্তর্ভুক্ত করা।

>> রেস্তোরাঁ খাতে রাজউক, কলকারখানা, ফায়ার সার্ভিস ও পরিবেশসহ সব অধিদপ্তরের হয়রানি বন্ধ করা।

>> রেস্তোরাঁ খাতে করপোরেট আগ্রাসন বন্ধ করা।

>> রেস্তোরাঁ খাতকে শিল্প ঘোষণার বাস্তবায়ন।

>> ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স নবায়ন ও ইস্যু পুনরায় চালু করা।

>> রেস্তোরাঁ খাতে ট্রেড ইউনিয়নের নামে মালিকদের জিম্মি, হয়রানি, চাঁদাবাজিসহ সব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করা।

>> গরুর মাংস আমদানির অনুমতি দেয়া এবং

>> সরকারি ব্যবস্থাপনায় রেস্তোরাঁ খাতে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।