১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন নোট খোলাবাজারে বিক্রি ‘অবৈধ’, ব্যবস্থা নিতে গভর্নরকে উকিল নোটিস

সাধারণত ঈদ সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের জন্য নতুন টাকার নোট ছাড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 05:25 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

নতুন টাকার নোট খোলাবাজারে বিক্রি ‘অবৈধ’ দাবি করে তা বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নোটিস দিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার ডাকযোগে আইনজীবী আনোয়ার হোসেন এই নোটিস পাঠিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

সাধারণত ঈদ সামনে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের জন্য নতুন টাকার নোট ছাড়ে।

নোটিসে বলা হয়, দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের ছাপানো নতুন নোট অসাধু ব্যক্তি ও দালাল চক্র ‘কিছু ব্যাংক কর্মকর্তার যোগসাজশে’ সংগ্রহ করে খোলা বাজারে দর কষাকষির মাধ্যমে অতিরিক্ত মূল্যে বিক্রি করে।

“বিশেষ করে ঈদ ও বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই অবৈধ কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। গত ঈদে ব্যাংক থেকে হিসাবধারীরা ব্যাংকে নতুন টাকা সংগ্রহ করতে গিয়ে খালি হাতে ফেরত এসেছেন।”

এই আইনজীবীর দাবি, “এই ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, আর্থিক শৃঙ্খলা এবং সাধারণ জনগণের ন্যায্য অধিকার ও স্বার্থের পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

“যার দায় বাংলাদেশ ব্যাংক কোনভাবেই এড়াতে পারে না। অথচ দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে মুদ্রা ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত থাকা স্বত্ত্বেও এ অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। যা জনস্বার্থের পরিপন্থি এবং দায়িত্ব পালনের চরম অবহেলার শামিল।”

খোলাবাজারে নতুন নোট বিক্রি বন্ধে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, ব্যাংকগুলোতে নতুন নোট বিতরণে আলাদা ডেস্ক স্থাপন বা কঠোর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে কিনা, এ নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব চেয়েছেন আইনজীবী। তা না হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন তিনি।