২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে: সালমান রহমান

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম বাড়ানোর বিকল্প ছিল না, মন্তব্য করেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

যারা কর দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড তাদের ওপর আরও বেশি কর চাপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি।

পরে উপদেষ্টার দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের টিআইএনধারী সব নাগরিককে করের আওতায় নিয়ে আসতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন সালমান রহমান।

তিনি বলেন, “যাদের টিআইএন আছে তাদের সবাইকে করের আওতায় আনা উচিত।”

করের হার কমিয়ে করের জাল বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিশ্বের যেসব দেশ করহার কমিয়েছে এবং করের আওতা বাড়িয়েছে সেগুলোর রাজস্ব বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উপজেলা এমনকি গ্রাম অঞ্চলেও অনেকে ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করছেন। তাদেরকেও করের আওতায় আনতে হবে।

যেসব দেশ থেকে বেশি পরিমাণে আমদানি করা হয় সেসব দেশের মুদ্রায় যদি লেনদেন করা হয় তাহলে ডলারের ওপর চাপ কমে যাবে বলেও মনে করেন তিনি।

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ডলারের দাম বাড়ানোর বিকল্প ছিল না মন্তব্য করে সালমান রহমান বলেন, ডলারের দাম বাড়ায় দেশে রপ্তানির ওপর প্রচুর প্রভাব পড়বে। এর ফলে রেমিটেন্স আয় ও রপ্তানিমুখী শিল্প উপকার পাবে।

“মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা খুবই প্রয়োজন ছিল। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে যা আমাদের কমানো দরকার। তবে ডলারের দাম বাড়ায় দেশের অর্থনীতির ওপর কোনো চাপ পড়বে না। তার কারণ কৃষিখাতে দেশ অনেক ভালো করছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পন্ন হতে পেরেছি।”