Published : 25 Feb 2025, 08:53 PM
রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ডে হয়ে গেল বর্ণাঢ্য বসন্ত উৎসব।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে শুক্র ও শনিবার প্রাণবন্ত হয়ে ওঠে লেক সিটি কনকর্ড।
কনকর্ড কমিউনিকেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এম মাহফুজুর রহমান মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেন, বসন্ত উদযাপন ঘিরে প্রাণ ফিরে পায় কনকর্ড প্রাঙ্গণ। বর্নিল উদযাপনে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা।
তিনি বলেন, “লেক সিটি কনকর্ডের বাসিন্দাদের জন্য বসন্ত উৎসবে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। নানা পণ্যের পসরা সাজানো বিপণি ও মুখরোচক খাবারের স্টলও ছিল।”
প্রথম দিন শুক্রবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এরপর ছিল লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
দ্বিতীয় দিন শনিবার সংগীত পরিবেশনা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক সন্ধ্যা মিলিয়ে জমকালো আয়োজন ছিল সারা দিন।