১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চাই: আফরোজা খানম

ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন ও হসপিটালিটি— এই চার খাতকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 07:52 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করতে চায়।”

শনিবার বিকালে ঢাকার একটি হোটেলে ট্রাভেলে অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের (টিটিডিসি) উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ট্রাভেল, ট্যুরিজম, এভিয়েশন এবং হসপিটালিটি— এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান আফরোজা খানম।

নতুন প্ল্যাটফর্ম— টিটিডিসি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্ল্যাটফর্মটি অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, টিটিডিসির সভাপতি কাজী ওয়াহিদুল আলম ও গ্যালাক্সি গ্রুপের সভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ উপস্থিত ছিলেন।