কাঁচা মরিচ ও টমেটোয় শুল্ক-করে অব্যাহতি
বিদ্যমান করভার ৬১ শতাংশ থেকে কমে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ হবে।
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ করার প্রস্তাব রয়েছে।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষার লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ করে থাকে।”
“কাঁচা মরিচ ও টমেটো দেশের অন্যতম বহুল ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় কৃষি পণ্য। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং উৎপাদন ঘাটতির কারণে অনেক সময় এসব পণ্যের বাজারমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যা সাধারণ জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনস্বার্থে এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নির্দিষ্ট সময়ের জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানির ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়েছে।”
