Published : 21 Apr 2026, 09:30 PM
অপরিশোধিত তেলবাহী জাহাজ দেশে আসার দুই মাসের বেশি সময় পর সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসছে একটি জাহাজ।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘এমটি নিনেমিয়া’ নামের জাহাজটির চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হওয়ার তথ্য দিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক।
তিনি বলেন, “ইয়ানবু বন্দরের অবস্থান লোহিত সাগরে হওয়ায় জাহাজটিকে হরমুজ প্রণালি পার হতে হবে না। সে কারণে এটি দেশে আসার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।”
জাহাজটির বাংলাদেশের জলসীমায় পৌঁছার কথা রয়েছে ৬ মে, যোগ করেন তিনি।
দেশজুড়ে চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে জাহাজটির বাংলাদেশে আসার বিষয় তত্ত্বাবধান করছে বিএসসি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) সংকটে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রতিষ্ঠান ইর্স্টান রিফাইনারি লিমিটেড (ইআরএল) বর্তমানে ‘বন্ধ হওয়ার পর্যায়ে’ রয়েছে। এর দুটি ইউনিট বর্তমানে বন্ধ আছে।
কর্মকর্তারা বলছেন, ‘ডেড স্টক’ বা শেষ মজুদ তেল দিয়ে বাকি তিন ইউনিটের পরিশোধন র্কাযক্রম কোনরকমে চালু রাখা হয়েছে। ‘এমটি নিনেমিয়া’ এলে ইআরএলের সংকট কমবে। দৈনিক তেল সরবরাহের পরিমাণ বাড়বে।
এর আগে মার্চে সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আরেকটি জাহাজের আসার কথা থাকলেও সেটি এখনো আসতে পারেনি।
ইরান যুদ্ধ শুরুর পর থেকে অপরিশোধিত তেলের কোনো চালান বাংলাদেশে আসেনি। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর ১০ দিন আগে ১৮ ফেব্রুয়ারি অপরিশোধিত তেলবাহী একটি জাহাজ দেশে আসে। সেই তেল দিয়ে ইআরএলে এতদিন শোধন প্রক্রিয়া চলছে।