১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কৃষিপণ্য রপ্তানিতে চালু হচ্ছে ‘ওয়ান স্টপ সার্ভিস’: কৃষিমন্ত্রী

“আম উৎপাদন বাড়লেও স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত দাম পান না। তাই রপ্তানি বাড়ানোই প্রধান লক্ষ্য,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 09:05 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

কৃষি পণ্য রপ্তানির সব ধরনের প্রক্রিয়া এক জায়গা থেকে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার গাবতলীতে ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ (ভিএইচটি) সেন্টারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করার কথা বলেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেছেন, “আগামীকাল (মঙ্গলবার) থেকেই এই সেন্টারে কোয়ারেন্টাইন অফিস চালু হবে। এর ফলে রপ্তানিকারকরা একই স্থানে পণ্য শোধনাগার, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠাতে পারবেন।”

সোমবার গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, “রপ্তানির প্রশ্নে ওয়ান-স্টপ সার্ভিস চালু করছি। আগামীকাল থেকে এখানে পণ্য আসবে, ওয়াশ হবে, প্যাকিং হবে এবং এখানেই কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানির জন্য পাঠানো যাবে।”

তিনি জানান, রপ্তানিকৃত ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার (টেম্পারেচার কন্ট্রোলড স্টোরেজ) স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমসহ দ্রুত পচনশীল কৃষিপণ্যের গুণগত মান অক্ষুণ্ন থাকবে বলেও ভাষ্য তার।

বর্তমানে দেশে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হয় জানিয়ে মন্ত্রী বলেন, “উৎপাদন বাড়লেও অভ্যন্তরীণ বাজারে চাহিদার সীমাবদ্ধতার কারণে অনেক কৃষক কাঙ্ক্ষিত দাম পান না। তাই রপ্তানি বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।”