১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবাসন ও সেমিকন্ডাকটর খাতের ব্যবসায় আসছে এসিআই

দুটি কোম্পানির ৮৫ শতাংশ করে মালিকানা থাকবে এসিআইয়ের হাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 05:25 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

আবাসন ও সেমিকন্ডাক্টার খাতে নাম লেখাচ্ছে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই (অ্যাডভান্সন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ) পিএলসি।

দুটি সাবসিডিয়ারি (সহযোগী) কোম্পানি গঠন করে এ খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে এসিআই। দুটি খাতে তাদের প্রাথমিক বিনিয়োগ হবে ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা। 

গত ১৫ জানুয়ারি এসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ঘোষণা দিয়ে বিষয়টি তারা বিনিয়োগকারীদের জানিয়েছে। 

এর মধ্যে আবাসন খাতে ‘এসিআই প্রপার্টিজ লিমিটেড’ ও প্রযুক্তি খাতে ‘এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করা হবে। দুটি কোম্পানির ৮৫ শতাংশ করে মালিকানা থাকবে এসিআইয়ের হাতে।

দুটি কোম্পানিরই অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা হবে। 

১৯৭৩ সালে ইম্পিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (আইসিআই) বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং নামে একটি কোম্পানি বাংলাদেশে ব্যবসা শুরু করে। ১৯৮৭ সালে ওই কোম্পানির বাংলাদেশ অংশের এমডির দায়িত্ব নেন আনিস উদ দৌলা।

পাঁচ বছরের মাথায় আইসিআই বিশ্বব্যাপী তাদের ছোট ব্যবসা বন্ধ করে দিলে আনিস উদ দৌলা কোম্পানির বাংলাদেশ অংশের ব্যবসা কিনে নেন। কোম্পানির নাম বদলে হয় এসিআই। 

বর্তমানে আনিস উদ দৌলার দুই সন্তানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এসিআই এর ব্যবসা।  

গৃহস্থলি পণ্য, আসবাব, প্লাস্টিক থেকে শুরু করে স্মার্টফোর্ন, ফার্মাসিউটিক্যালস ও কীটনাশকসহ ১৮টি খাতে ব্যবসা রয়েছে এসিআইর।