Published : 23 Sep 2025, 07:38 PM
আধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে নবমবারের মত হতে যাচ্ছে তিনটি প্রদর্শনী।
আগামী বৃহস্পতিবার এ আয়োজনের পর্দা উঠবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে এই মেলা হবে।
‘৯ম বাংলাদেশ বিল্ডকন ২০২৫’; ‘৯ম বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ এবং ‘মেটাল ইন্ডাস্ট্রিজ এক্সপো ২০২৫’- এই তিনটি ভাগে উপস্থাপন করা হচ্ছে এ প্রদর্শনী।
প্রদর্শনীতে নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে কন্সট্রাকশন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, ব্যাচ প্ল্যান্ট, পাওয়ার টুলস, কংক্রিট ব্লক মেশিন, এইচডিপিই ফিটিংস, ইলেকট্রোফিউশন ফিটিং, পিপিআর ফিটিং, বিল্ডিং ক্ল্যাডিং, হলো, ইন্টারব্লকিং ব্রিক মেশিনস, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইনসুলেটিং গ্লাস প্রোডাকশন লাইন, ডেকোরেটিভ পিভিসি ফিল্ম ফর ডোরস এন্ড ওয়ালস ক্ল্যাডিংস, অ্যালুমিনিয়াম উইনডো ফেব্রিকেটিং মেশিন, প্লাস্টিক/ডব্লিউপিসি/ইউপিভিসি ডোরস, ফার্নিচার ও ওয়াল ক্ল্যাডিং ইত্যাদি।
এছাড়া পিবিভি পাইপ গ্লু, পাইপ ক্ল্যাম্প, ফ্লোর ড্রেন, ইউভি ফ্ল্যাটবেড প্রিন্টার, গ্লাস প্রিন্টার, উড বোর্ড প্রিন্টার, ডোর প্রিন্টার, ইউভি সিলিন্ডার প্রিন্টার, পিভিসি বল ভালভ, অ্যাঙ্গেল ভালভ ও ফিটিংস, বাট ফিউশন মেশিন, ওয়ার্কশপ ফিটিং মেশিন, হটমেল্ট অ্যাঢেসিভ, কার্বন-ডাই-অক্সাইড, সিএনসি রাউটার, ফাইবার লেজার মেশিন, এজ ব্যান্ডিং মেশিন, পাইপ বেন্ডিং মেশিন, মেলামাইন গ্রেইন পেপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভুঁইয়া বলেন, “নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা এ প্রদর্শনীতে এসে নতুন উদ্ভাবন, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সম্ভাবনার অনন্য প্ল্যাটফর্মে অংশ নেওয়ার সুযোগ পাবেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্মাণশিল্প একটি চলমান কার্যক্রম হওয়ায় সংশ্লিষ্ট অংশীদাররা সবসময় এমন প্রযুক্তির খোঁজ করেন, যা খরচ নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাধানে সহায়ক হয়। এই প্রদর্শনী মূলত সেই বিষয়গুলোকে গুরত্ব দিয়েই সাজানো হয়েছে।
“অন্যদিকে, আসবাব খাতে অনেক অসংগঠিত ব্যবসায়ী রয়েছেন। ফলে এ খাতে আরও ভাল মানের পণ্য বাজারে আনতে সবসময় আধুনিকায়ন নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনের হারও বাড়াতে হয়।”
দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন। প্রদর্শনীগুলোর ‘নলেজ পার্টনার’ হিসেবে যুক্ত থাকবে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি)।