শীর্ষ ডিলারদের সম্মাননা দিল জিপিএইচ ইস্পাত
‘মহারাজ দরবার ২০২৩’ নামের এ আয়োজনে চার শতাধিক চ্যানেল পার্টনার এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
দুই দিনের সম্মেলন আয়োজনের মাধ্যমে শীর্ষ ডিলারদের বার্ষিক সম্মাননা দিয়েছে শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারক জিপিএইচ ইস্পাত।
ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি ‘মহারাজ দরবার ২০২৩’ নামের অনুষ্ঠানে ডিলারদের সম্মাননা দেওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
এতে বলা হয়, বছরজুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি বছর জিপিএইচ ইস্পাত ডিলারদের সর্বোচ্চ সম্মাননা দিয়ে থাকে। এবার এ সম্মেলনে সারাদেশ থেকে চার শতাধিক চ্যানেল পার্টনার এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
এ সম্মেলন সম্পর্কে কোম্পানিটি বলেছে, কোয়ান্টাম স্টিলের বাজারজাতকরণ, জিপিএইচ ইস্পাতের নতুন পণ্য জিপিএইচ কোয়ান্টাম বি৬০০ডি-আর এর বাজার সম্প্রসারণ, সারাবছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৩ সালের শীর্ষস্থানীয় ডিলারদের সম্মাননা প্রদানের অনুষ্ঠান ‘মহারাজ দরবার ২০২৩’।
দুই দিনের এ আয়োজনের প্রথম দিন জিপিএইচ ফ্যামিলি নাইট-২০২৩ অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া সন্তানদের ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
দ্বিতীয় দিনে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় ডিলারদের সম্মাননা প্রদান করা হয়। বিগত বছরের সেলস পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় ১০ জন ডিলারকে মহারাজ, পরবর্তী শীর্ষ ১০ জনকে মহাবীর উপাধিতে ভূষিত করা হয়। পাশাপাশি ক্রেস্ট, স্বর্ণালংকার ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া সারাবছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখা শীর্ষ পাঁচজন ডিলারকে বীরবন্ধু এবং সাতজন জিপিএইচ ইস্পাত বিক্রয়কারী এক্সক্লুসিভ ডিলারকে এক্সক্লুসিভ এক্সসিলেন্স সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়াদের পুরস্কার হিসেবে দেওয়া হয় আইফোন ১৫ প্রো ম্যাক্স।
