১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যাংক ঋণের এক তৃতীয়াংশই খেলাপি

জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 05:42 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

তিন মাসের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ১৭ হাজার ৮৫১ কোটি টাকা বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বুধবার জানিয়েছেন, জুন শেষে শ্রেণিকৃত বা খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ২৫ লাখ ৬৯ হাজার ৭৪৭ কোটি টাকা। খেলাপি ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ।

গত মার্চ শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। সে সময়ে খেলাপির হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২৫ সালের জুন মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা।

সে হিসেবে এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৭৬ হাজার ১২৭ কোটি টাকা বা ১৪ দশমিক ৩৫ শতাংশ। 

সংশ্লিষ্টরা বলছেন, ঋণ আদায় ও পুনঃতফসিলের বিশেষ সুবিধার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় অঙ্কের খেলাপি ঋণ নবায়ন করা হয়েছিল। এর ফলে ওই সময়, অর্থাৎ ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকায় নেমেছিল। 

কিন্তু খেলাপিদের বিশেষ নবায়ন সুবিধা দেওয়ার পরও মার্চে তা ফের বেড়ে যায় এবং জুন শেষে তা আরও ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মত খেলাপি ঋণ লাখ কোটি টাকার ঘর পেরিয়েছিল ২০১৯ সালের মার্চে। ওই সময় খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১০ হাজার ৮৭৩ কোটি টাকায়। এরপর থেকে এই অঙ্ক ধারাবাহিকভাবে কেবল বেড়েই চলেছে।