Published : 05 Apr 2026, 10:13 PM
কার্ডভিত্তিক পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।
এই ৫ শতাংশের মধ্যে ৩ শতাংশ গ্রাহক এবং ২ শতাংশ ব্যবসায়ীরা পেতে পারে বলে মনে করছে সংগঠনটি।
যুক্তি হিসেবে তারা বলেছে, এতে করে ডিজিটাল লেনদেনের বিস্তার ঘটবে; লেনদেনে স্বচ্ছতা বাড়বে।
রোববার ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনা সভায় তারা নিজেদের প্রস্তাব ও মতামত তুলে ধরে।
অ্যামচ্যাম বলছে, প্রাথমিকভাবে ৫ শতাংশ প্রণোদনা ব্যাংক, ব্যবসায়ী বা এমএফএস সেবাদাতাদের কাছ থেকে আসতে পারে।
সংগঠনটি দ্বৈত কর পরিহার চুক্তি (ডিটিএ) অনুযায়ী সরাসরি করহার প্রয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাবও দিয়েছে।
তাদের মতে, এতে করে ব্যাংকগুলোকে আলাদা করে ডিটিএএ সনদ সংগ্রহ করতে হবে না। তবে সনদ প্রয়োজন হলে আবেদন জমার সাত দিনের মধ্যে সরবরাহের ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।
সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। তিনি ব্যবসায়ীরা নিয়ম মেনে ভ্যাট না দেওয়ায় হতাশা প্রকাশ করেন।
ভ্যাট নিবন্ধনের ন্যূনতম সীমা গত বছর তিন কোটি থেকে কমিয়ে ৫০ লাখ টাকা করা হয়েছে মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে, সবাইকে ভ্যাট দিতে হবে, যারাই ব্যবসা-বাণিজ্য করবে।
“ভ্যাটের হার নিয়ে আমরা একটু কাজকর্ম করছি। দেখা যাক, আপনারা সবাই যদি একটু ইয়ে করেন…সার্ভিস সেক্টরের জন্য এক রেট করতে পারি কিনা। করলে সার্বিক প্রভাব কী পড়ে, সেটা নিয়ে আমরা কাজ করছি। কিন্তু ভ্যাট সবাইকে দিতে হবে।“
ভ্যাট আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “আমাদের যে রেকর্ড, এটা অত্যন্ত হতাশাজনক।”
আলোচনা সভায় বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ব্যক্তিগত আয়করের সর্বোচ্চ হার ২০ শতাংশ নির্ধারণ এবং ১০০ কোটি টাকা পর্যন্ত সম্পদের ওপর সারচার্জ মওকুফের প্রস্তাব দিয়েছে। গার্মেন্ট শিল্পে ৫০ শতাংশ কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহ বাধ্যতামূলক করার সুপারিশও করেছে তারা।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্যক্তিগত আয়করসীমা সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ, ট্রেড লাইসেন্স ফি ৫০ শতাংশ কমানো এবং নারী উদ্যোক্তাদের শোরুমে ভ্যাট অব্যাহতির প্রস্তাব দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী সংগঠন ইউরোচ্যাম বিনিয়োগবান্ধব করনীতি, প্রক্রিয়া সহজীকরণ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করার ওপর জোর দিয়েছে।
তারা জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটালাইজেশন উদ্যোগের প্রশংসা করলেও নীতিমালা ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান দূর করার আহ্বান জানায়।