Published : 06 May 2026, 12:25 AM
বিদ্যুৎচালিত ও ‘হাইব্রিড’ যানবাহন কেনায় সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ সুবিধা দিয়ে পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে সাধারণ যানবাহন কেনায় ব্যাংক ঋণের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা।
মঙ্গলবার জারি করা পরিপত্রটি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে।
নতুন সিদ্ধান্তে বিদ্যুৎচালিত ও ‘হাইব্রিড’ গাড়ি কেনার জন্য ঋণসীমা বাড়ানোর পাশাপাশি বিনিয়োগ অনুপাত সীমাও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ খাতে ঋণ-বিনিয়োগ অনুপাত হবে ৮০:২০ শতাংশ। অর্থাৎ মোট বিনিয়োগের ২০ শতাংশ ডাউনপেমেন্ট হিসেবে দিতে হবে ঋণ গ্রহীতাকে। সাধারণভাবে এ অনুপাত ৬০:৪০ শতাংশ।
ঋণ সুবিধা বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হওয়ায় দেশে দিন দিন চাহিদা বাড়ছে বিদ্যুৎচালিত ও ‘হাইব্রিড’ গাড়ির। জ্বালানি তেল ও গ্যাসচালিত যানবাহনের বর্তমান বাজার দর বিবেচনায় বিদ্যুৎচালিত ও ‘হাইব্রিড’ গাড়ি কেনায় উৎসাহ দিতেই এমন সুবিধা দেওয়া হয়েছে।
এর আগে ইরান যুদ্ধের কারণে জ্বালানি আমদানি খরচ বেড়ে যাওয়ায় তেল ও গ্যাসের বিকল্প হিসেবে বিদ্যুৎচালিত বাস ব্যবহারের সুপারিশ এসেছে বিভিন্ন মহল থেকে।
জ্বালানি সাশ্রয়ী এসব যানবাহন কিনতে উৎসাহ দিতে আমদানি পর্যায়ে এরইমধ্যে শুল্ক ছাড় দিয়েছে সরকার।
৩০ এপ্রিল দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা অনুরূপ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য বিদ্যুৎচালিত বাস আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়।
এর পর গেল রোববার অন্যান্য কাজে ব্যবহারে বিদ্যুৎচালিত বাস ও ট্রাক আমদানিতেও শুল্ক-কর অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠকে এসব বাহনের ওপর ১৫ শতাংশ ভ্যাট বহাল রেখে অন্যান্য শুল্ক অব্যাহতির সিদ্ধান্ত হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য বলছে, বর্তমানে বিদ্যুৎচালিত বাস, গাড়ি ও ট্রাক ইত্যাদি আমদানির ক্ষেত্রে ৬১ দশমিক ৮০ শতাংশ থেকে ৯৩ দশমিক ১৬ শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎচালিত নতুন বাস ও ট্রাক আমদানিতে মোট করভার ১৫ শতাংশ রেখে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, আগাম কর এবং অগ্রিম আয়কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে।
এর আগে মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন বিদ্যুতচালিত বাস আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে শুল্ক-কর অব্যাহতি দেওয়া হবে। ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে।
একইসঙ্গে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার ট্রাক আমদানির ক্ষেত্রেও একই সুবিধা দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।