Published : 09 Mar 2026, 01:15 PM
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কোম্পানি ‘এমক্যাশ’-এ কৌশলগত বিনিয়োগ হিসেবে বিদেশের প্রায় ২৪৫ কোটি টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করবে বলে ব্যাংকটি সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য দিয়েছে।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির নাম ‘বি১০০ হোল্ডিংস এলএলসি ইউএসএ’।
রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত হয় জানিয়ে ব্যাংকটি বলছে, এর মাধ্যমে সহযোগী কোম্পানি ‘এমক্যাশ’র মূলধন ৫০০ কোটি টাকায় উন্নীত হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ের ৫১ শতাংশ মালিকানা বাণিজ্যিক ব্যাংকের থাকতে হবে।
সেই নিয়ম মেনে ৪৮ দশমিক ৯৯ শতাংশ শেয়ারের মালিকানা বিদেশি কোম্পানিটিকে দেওয়া হবে বলে ইসলামী ব্যাংক জানিয়েছে।
সেই হিসাবে ২৪৪ কোটি ৯৫ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা বিনিয়োগ করতে পারবে ‘বি১০০ হোল্ডিংস’।
নতুন বিনিয়োগ মোবাইল ব্যাংকিং সেবার পরিধি ও তারল্য পরিস্থিতিকে শক্তিশালী করবে বলে মনে করছে ইসলামী ব্যাংক।
শরিয়াহভিত্তিক ব্যাংকটি বলছে, এমক্যাশের পরিচালনা পর্ষদের অনুমোদন, নিয়ন্ত্রক সংস্থাকে অবহিতকরণসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিদেশি বিনিয়োগ গ্রহণ করা হবে।
২০১২ সালের ডিসেম্বরে ‘এমক্যাশ’ সেবা চালু করে ইসলামী ব্যাংক। ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকের নিজস্ব অবকাঠামো ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে ‘এমক্যাশ’।
এরপর গত জানুয়ারিতে ব্যাংকটি পৃথক সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে ‘এমক্যাশ’ পরিচালনা শুরু করে। এক হাজার কোটি টাকার অনুমোদিত মূলধনের কোম্পানির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা।