২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নিত্যপণ্যের দাম সহনীয়: বাণিজ্যমন্ত্রী

দাম নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

নিত্যপণ্যের দাম সহনীয়: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 10:00 PM

Updated : 02 Sep 2022, 04:26 PM

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

পণ্যমূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।”

বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

এবাদুল করিমের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩টি দেশে পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ৯১টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২টি দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। অর্থবছরে রপ্তানির পরিমাণ ৬০ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আমদানি হয়েছে ৮২ দশমিক ৫ বিলিয়ন ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ২১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ দশমিক ৯ বিলিয়ন ডলার। চীনের সঙ্গে ঘাটতি ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তিনি জানান, সরকারের প্রচেষ্টায় ১ সেপ্টেম্বর থেকে চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮%) শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। এর ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে ও ঘাটতি কমবে।

খাদ্যশস্য মজুদ ১৯ লাখ টন

আলী আজমের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, ৩০ অগাস্ট পর্যন্ত দেশে ১৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার টন চাল, এক লাখ ৪১ হাজার টন গম ও এক লাখ ১৭ হাজার টন ধান রয়েছে।

তিনি জানান, জি টু জি পদ্ধতিতে রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম হতে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

ওই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্যের প্রয়োজন ২৩৩ লাখ টন। এর মধ্যে ২২১ টন চাল ও প্রায় ১২ টন গম। ২০২১-২২ অর্থবছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ টন; যা চহিদার ‍তুলনায় বেশি।

দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি অনুযায়ী দেশে সাড়ে ১০ লাখ টন খাদ্যশস্য নিরাপত্তা মজুদ রাখার কথা থাকলেও বর্তমানে এর থেকে বেশি মজুদ রয়েছে।

রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে ১৫ লাখ ৪৪ হাজার টন চাল, ১৯ লাখ ৯৫ হাজার টন ভোজ্য তেল, ৬ লাখ ৯৯ হাজার টন পেঁয়াজ ও ৫৪ হাজার টন রসুন আমদানি করা হয়েছে।

মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে ৬৭ লাখ টন গম, ২৭ লাখ ৭৭ হাজার টন তেলবীজ, ২৭ লাখ টন চিনি, তিন লাখ ৬৩ হাজার টন মশলা, ১২ লাখ ৪৮ হাজার টন ডাল, ১২ লাখ ৩৬ হাজার টন ফলমূল, এক লাখ ৫৬ হাজার টন দুগ্ধজাত পণ্য আমদানি করা হয়েছে।

নাজমা আকতারের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরাম আহমদ জানান, করোনাভাইরাসের সময় ২০২০ সালে চার লাখ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছেন। এছাড়া ২০২১ সালের মে পর্যন্ত ৩৪ হাজার ৪৯৪ জন কর্মী আউটপাস নিয়ে ফেরত এসেছে।

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন দেশে ৭৩ লাখ ১৯ হাজার জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্য সব থেকে বেশি গেছে ২০১৬-১৭ অর্থবছরে আট লাখ ৯৩ হাজার জন। সবথেকে কম গেছে ২০২০-২১ অর্থবছরে দুই লাখ ৭১ হাজার জন।