১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন আইন যেন ব্যবসা বিকাশে ‘বাধা’ না হয়, বললেন এফআইসিসিআই সভাপতি

“প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ,” বলেন আহসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 11:16 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো ‘বাধা’ তৈরি না করে, তা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন এফআইসিসিআই সভাপতি জাভেদ আখতার।

বৃহষ্পতিবার ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের এ সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “এফআইসিসিআই সদস্যরা সবাই চান ব্যবসায় সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকুক। 

“তবে নতুন আইন যেন ব্যবসার বিকাশে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে, সেটিও নিশ্চিত করতে হবে।”

ব্যবসায়ীরা আইন বাস্তবায়ন ও সংশোধনী বিষয়ে তাদের মতামত তুলে ধরেন বলে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফআইসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।

সভায় প্রধান অতিথি প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান বলেন, “প্রতিযোগিতা আইন মুক্তবাজার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতোমধ্যেই প্রতিযোগিতা আইন প্রণয়ন করেছে এবং প্রতিযোগিতা কমিশন গঠন করেছে। 

“আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ‘সিন্ডিকেট ও কার্টেল’ কার্যক্রম বন্ধ হবে, ভোক্তার স্বার্থ রক্ষা পাবে এবং বিনিয়োগ বৃদ্ধি পাবে।”

প্রতিযোগিতা আইনের প্রয়োগ ও প্রতিযোগিতা কমিশনের কার্যক্রমে উদ্যোক্তারা নতুন চিন্তা ও উদ্ভাবনে উৎসাহিত হবেন তুলে ধরে তিনি বলেন, এতে ‘কর্মসংস্থান বাড়বে ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত’ হবে।

এফআইসিসিআই কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘প্রতিযোগিতা আইন, ২০১২ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক অবহিতকরণ’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাভেদ আখতার। 

সংগঠনের নির্বাহী পরিচালক টি আই এম নুরুল কবিরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-এফআইসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য সুমিতাভা বসু, সদস্য কোম্পানির প্রতিনিধি ও প্রতিযোগিতা কমিশনের কর্মকর্তারা।