১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে ‘বার্ড স্ট্রাইক’ ঠেকাতে কারিগরি সহায়তা দিতে চায় ইতালি

বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম পাখির আনাগোনা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং তাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাখির সাথে বিমানের সংঘর্ষ প্রতিরোধ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 04:30 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ‘বার্ড স্ট্রাইক’ বা পাখির আঘাতে উড়োজাহাজের ক্ষয়ক্ষতি ঠেকাতে ‘বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম’ তৈরির আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

ইতালির ‘দ্য এজ কোম্পানি’ এই কারিগরি সহায়তা দিতে চায় বলে দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন।

রোববার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে কথা বলেন ইতালির রাষ্ট্রদূত।

বাংলাদেশে, বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাঝেমধ্যেই পাখিদের উৎপাতে রানওয়ে থেকে উড়োজাহাজ উড্ডয়নে বিলম্ব হয়। পাখির আঘাতে বিভিন্ন সময়ে উড়োজাহাজের ক্ষতিও হয়েছে। শীতকালে এই সমস্যা বেশি দেখা দেয়।

বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম (বিসিএমএস) একটি আধুনিক প্রযুক্তিগত ও কৌশলগত কাঠামো, যা বিমানবন্দর এবং এর আশপাশের এলাকায় পাখির আনাগোনা পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ এবং তাড়িয়ে দেওয়ার মাধ্যমে পাখির সাথে বিমানের সংঘর্ষ প্রতিরোধ করে। এটি উড়োজাহাজের উড্ডয়ন এবং অবতরণের সময় আকাশসীমাকে নিরাপদ রাখতে সাহায্য করে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।

রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।

এসময় বিমানমন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা থেকে রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর জোর দেন।

রাষ্ট্রদূত ফ্লাইট সংখ্যা বাড়ানোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশি উড়োজাহাজ সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ‘ফ্লাইঅন অ্যারো’ কোম্পানির প্রশিক্ষণ অ্যাকাডেমি তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।

মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

এর আগে মন্ত্রী সিঙ্গাপুরের কোম্পানি স্যাটসের  প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে প্রতিনিধি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ পাওয়ার আগ্রহের কথা প্রকাশ করে।

মন্ত্রী  এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব দিতে বরেন এবং বিবেচনার আশ্বাস দেন।