Published : 20 Aug 2026, 09:14 PM
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে চলাচলকারী বাসে ১৫ দিনের মধ্যে আরএফআইডি (ই-টোল) ট্যাগ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
যানজট কমানো এবং মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে যৌথ মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সভা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় উপস্থিত বাস মালিক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা বলেন, ফ্লাইওভারের ওঠানামার মুখে বাস থেকে ম্যানুয়ালি টোল আদায়ের ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই ভোগান্তি কমাতে ডিজিটাল ই-টোল (আরএফইডি) প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
সভায় উপস্থিত ছিলেন ডিএমপির ট্রাফিক-ওয়ারি বিভাগের ডিসি আজাদুর রহমান, লালবাগ বিভাগের ডিসি মফিজুল ইসলাম এবং মতিঝিল বিভাগের ডিসি খসরু।
ওরিয়ন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাইফ এবং হানিফ ফ্লাইওভার ব্যবহারকারী বিভিন্ন পরিবহন কোম্পানি ও রুট মালিক সমিতির শীর্ষ নেতারা সভায় অংশ নেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরএফআইডি ট্যাগ থাকলে টোল প্লাজায় বাস থামিয়ে নগদ অর্থ পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। এতে বাসগুলো না থেমেই নির্বিঘ্নে ফ্লাইওভার অতিক্রম করতে পারবে।
রাজধানীর সবচেয়ে বড় উড়ালসেতু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানজট এড়াতে ২০২০ সালেই ডিজিটাল আরএফআইডি ও কিউআর কোডভিত্তিক ই-টোল ব্যবস্থা চালু করা হয়।
সাধারণ ব্যক্তিগত গাড়ি ও ছোট যানবাহনগুলো এই সেবা ব্যবহার করলেও গণপরিবহন বা বাসগুলোর বড় একটি অংশ ম্যানুয়াল পদ্ধতিতে নগদ টাকায় টোল পরিশোধ করে আসছিল।
ফলে ফ্লাইওভারের প্রবেশ ও বের হওয়ার মুখে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছিল।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে যানজট কমে আসবে বলে প্রত্যাশা করছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।