Published : 03 Mar 2026, 09:57 PM
ব্র্যাক ব্যাংকের দুই কর্মকর্তা পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, মো. শাহীন ইকবাল ও আহমেদ রশীদ জয় গত ১ মার্চ নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন।
ব্যাংকের ‘হেড অব হোলসেল ব্যাংকিং’ হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহীন ইকবাল কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসহ ব্যাংকের মূল ব্যবসা তদারকি করবেন।
২০০৪ সালে ব্র্যাক ব্যাংকে যোগদানের পর থেকে তিনি ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিভাগের উপর দক্ষতা অর্জন করেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান বলেন, “শাহীন ইকবাল গত ২১ বছর ধরে ব্র্যাক ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করে আসছেন। তার অসাধারণ নেতৃত্বগুণ, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে উদ্ভাবনী চিন্তাভাবনা আমাদের হোলসেল ব্যাংকিং বিজনেসকে আরও শক্তিশালী করবে।”
অন্যদিকে আহমেদ রশীদ জয় ব্র্যাক ব্যাংকের চিফ রিস্ক অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি ২০১৯ সালের অক্টোবর মাসে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আহমেদ রশীদ ব্র্যাক ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন। তিনি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ এবং বিভিন্ন রূপান্তরমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
“তার প্রযুক্তিগত দক্ষতা, শৃঙ্খলাবদ্ধ দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস অনুশীলনের বিষয়ে অঙ্গীকার ব্র্যাক ব্যাংকের পোর্টফোলিও কোয়ালিটি উন্নতকরণ এবং শক্তিশালী ক্রেডিট অবস্থান নিশ্চিতে সহায়তা করেছে।”