১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুলা আমদানিতে উৎসে কর প্রত্যাহার

তুলা আমদানিতে উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 10:28 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

ব্যবসায়ীদের দাবির মুখে তুলা আমদানির ওপর থেকে ২ শতাংশ উৎসে কর প্রত্যাহার করেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে উৎসে কর শূন্য করার কথা বলেছে। কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি সুতা সংক্রান্ত সকল পণ্যেও একইভাবে কর প্রত্যাহার করা হয়েছে।

এর আগে তুলা আমদানিতে সরকারের আরোপ করা ২ শতাংশ উৎসে কর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

সংবাদ সম্মেলন করে সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেছিলেন, “সরকার সংশ্লিষ্ট সমিতির সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করেছে। অথচ অতীতে কখনোই তুলা আমদানিতে কোনো ধরনের শুল্ক ছিল না।”

তিনি বলেন, “কোনো অবস্থাতেই দেশীয় টেক্সটাইল মিলগুলো ২ শতাংশ অগ্রিম আয়কর দিয়ে ব্যবসায় টিকে থাকতে পারবে না। প্রত্যেকবার তুলা খালাসে ক্ষেত্রে এই আয়কর দিতে হলে বছর শেষে তা ২৯ শতাংশ হয়ে যাবে এবং ওয়ার্কিং ক্যাপিটালকে (ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পুঁজি) ক্রমান্বয়ে সংকুচিত করবে, যা টেক্সটাইল খাতের মত আমদানি পরিপূরক শিল্পের জন্য অসহনীয় হবে।”

তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর ছাড়াও টেক্সটাইল খাতে ব্যবসা হতে অর্জিত আয়ের উপর প্রদেয় ১৫ শতাংশ আয়কর (করপোরেট ট্যাক্স) হারের মেয়াদ জুনের পর না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান বিটিএমএ সভাপতি।

আরও পড়ুন-

তুলা আমদানিতে ২অগ্রিম কর প্রত্যাহারসহ তিন দাবি বিটিএমএর