Published : 20 Aug 2026, 06:32 PM
চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া মেকং-লানচান ফল উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয় বলছে, দেশের ফল ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশি কয়েকটি প্রতিষ্ঠান। তাজা ও শুকনো ফলসহ বিভিন্ন কৃষিপণ্য সেখানে প্রদর্শন করা হবে।
এতে চীনা ক্রেতা ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুনমিংয়ে ফল উৎসবে দ্বিতীয়বারের মত সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ। মেকং-লানচান অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণ, ফল উৎপাদন ও রপ্তানি সহযোগিতা জোরদারে এ উৎসবে থাকবে বিভিন্ন দেশের ফল প্রদর্শনী, পণ্য বিক্রয়, আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং নতুন বাজার অনুসন্ধানের সুযোগ।
“রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় এ উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য চীনের বাজারে প্রবেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।”
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ইউনানের নির্দিষ্ট এলাকায় ভাড়ামুক্ত বন্ডেড গুদাম সুবিধা, অফলাইন প্রদর্শনী স্থান, অনলাইন পণ্যের প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শনের সুযোগ এবং দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধার মত বাণিজ্যিক সুযোগ তৈরি হয়েছে।