১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে বাংলাদেশ: মার্কিন ব্যবসায়ীদের হুমায়ুন কবির

হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন খাতে সম্ভাবনা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 08:26 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর ও নতুন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে মন্তব্য করে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্বের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেছেন, বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন খাতে সম্ভাবনা রয়েছে।

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতের বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টাকে উদ্ধৃত করে বলা হয়, “বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর ও নতুন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে।

“এ সময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্ব বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ওই উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছে।

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা এই সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এ সময় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাউন্সিলের আগ্রহের কথা জানান।

সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্প ও অবকাঠামো খাতে সহযোগিতা, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও গভীর করার মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে গতিশীল করার ওপর গুরুত্ব দেয় বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এর আগে ঢাকার একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেইসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশের ৫০ বছরেরও বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে এখানে এসেছে।”

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ দেখা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের পরিধি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তির পাশাপাশি ডিজিটাল অর্থনীতি এবং অবকাঠামোর মতো খাতেও বিস্তৃত করার ওপর জোর দেওয়া হচ্ছে। বুধবারের বৈঠকেও এসব খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির রূপান্তরের এই পর্যায়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে হুমায়ুন কবির মার্কিন ব্যবসায়ীদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।