১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুকুক বণ্টনে নতুন শ্রেণি, নতুন হার

সর্বোচ্চ ৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির জন্য।

সুকুক বণ্টনে নতুন শ্রেণি, নতুন হার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 08:40 AM

Updated : 16 Sep 2026, 05:11 PM

আবেদনের বিপরীতে সুকুক বরাদ্দ দিতে বিনিয়োগকারীদের আরও এক শ্রেণি বাড়িয়ে চার শ্রেণি করা হয়েছে।

নতুন শ্রেণিতে ভাগ করার পর সর্বোচ্চ ৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বীমা কোম্পানির জন্য।

বর্তমানে এ তিন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডো মিলিয়ে সীমা হচ্ছে ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক নতুন সিদ্ধান্তে প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোকে পৃথক শ্রেণিতে ভাগ করেছে।

সোমবার এ বিষয়ক সার্কুলারে বলা হয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ৩০ শতাংশ রাখা হবে প্রচলিত ধারার ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোগুলোর জন্য।

ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য রাখা হয় ১০ শতাংশ। বাকি ১০ শতাংশ রাখা হয়েছে প্রচলিত ধারার ব্যাংক, ফাই্যান্স কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ড ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ডের জন্য।

সার্কুলারে প্রতি খাতে নির্ধারিত অনুপাতের চেয়ে বেশি আবেদন জমা হলে আবেদন করা বিডের সমানুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে।

কোনো শ্রেণিতে কম আবেদন জমা হলে তা বেশি জমা হওয়া শ্রেণিতে সমানুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে।

অপরদিকে সুকুকের চেয়ে আবেদন জমা কম হলে অবশিষ্ট বরাদ্দ এসপিভি ব্যবস্থাপনায় হবে বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।