Published : 03 Sep 2026, 07:52 PM
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রসগোল্লা, সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে তা ঢাকার নামী-দামি মিষ্টির দোকানে সরবরাহের অভিযোগে মিরপুরের একটি নামবিহীন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই।
বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকার মিরপুরের ই-১, ইস্টার্ন হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটি মান সনদ বা লাইসেন্স না নিয়েই বিভিন্ন ধরনের মিষ্টি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছিল। অভিযানে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া যায়।
সেখানে তৈরি মিষ্টি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, নেভি মুসলিম সুইটস, রসের হাঁড়ি এবং কালশীর মোড় এলাকার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হত বলে তথ্য পেয়েছেন কর্মকর্তারা।
বিএসটিআই বলছে, ভোক্তারা নামী-দামি ব্র্যান্ডের দোকান থেকে মিষ্টি কিনলেও সেগুলোর একটি অংশ কোথায়, কী পরিবেশে এবং কীভাবে তৈরি হচ্ছে, সে বিষয়ে অনেক সময় অবগত থাকেন না। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্যপণ্য এভাবে সরবরাহের বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং এপিবিএন-১১-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে জরিমানার অর্থ আদায়ও করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে মানোন্নয়ন, বিএসটিআইয়ের মান সনদ ও পণ্য মোড়কজাত করার নিবন্ধন সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অনুমোদিত পণ্য ছাড়া অন্য কোনো পণ্য বাজারজাত না করতেও বলা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) নুর জাহান এবং পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।
ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।