২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চালু হল ‘জেন-জি’ প্যাকেজ

এই প্যকেজের সিম শুধু ‘জেন-জি’ গ্রাহকরাই কিনতে পারবেন।

চালু হল ‘জেন-জি’ প্যাকেজ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার টেলিটকের ‘জেন-জি’ প্যাকেজ উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 09:41 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনে ঘিরে আলোচিত শব্দবন্ধ ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ অনুসারে তরুণদের জন্য ‘জেন-জি’ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক।

এই প্যাকেজে ‘সবচেয়ে কমমূল্যে’ আনলিমিটেড মেয়াদে ডেটা ও বছর মেয়াদি বান্ডল অফার রয়েছে। এছাড়া ১ সেকেন্ড পালস্ এবং চাকরি প্রার্থীদের জন্য ১২ মাস ফ্রি অল জবস প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধাও রয়েছে।

মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে প্যাকেজের উদ্বোধন করা হয় বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্যাকেজটি মূলত 'জেনারেশন জেড' বা সংক্ষেপে 'জেন-জি'-দের জন্য চালু করা হয়েছে। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তারাই ‘জেন-জি’। এ প্রজন্মের বয়স ১২ থেকে ২৭ বছর।”

এই প্যকেজের সিম শুধু ‘জেন-জি’ গ্রাহকরাই কিনতে পারবেন। তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি থাকতে হবে। প্যাকেজ সিমের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক ১০০ টাকা দিয়ে কিনতে পারবেন।

টেলিটক কাস্টমার কেয়ার থেকে ক্রেতারা সিম কিনতে পারবেন। গুগল প্লে-স্টোর থেকে ‘মাই টেলিটক অ্যাপে’ নিবন্ধন করে বর্তমান টেলিটক ব্যবহারকারীরা ‘জেন-জি’ প্যাকেজের অফারসমূহ নিতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা *১১১# ডায়াল করে প্যাকেজের সুবিধা পাবেন।

প্যাকেজ উদ্বোধন অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

আসছে টেলিটকের প্যাকেজ 'জেন জি'