Published : 31 Aug 2026, 12:16 AM
ঢাকার শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের ভবন নির্মাণ করা হলেও এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করা হয়নি বলে সংসদে তুলে ধরেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এমন প্রেক্ষাপটে এ টার্মিনাল চালু করতে আরও ৯০২ কোটি টাকা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এ অর্থ অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর তথ্য দেন বিমানমন্ত্রী। অর্থ মন্ত্রণালয়ও বরাদ্দের ব্যবস্থা করছে বলে রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তুলে ধরেন তিনি।
নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি।
২০১৭ সালে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১৩ হাজার কোটি টাকার কথা তুলে ধরে মাসউদ সম্পূরক প্রশ্ন করার সময় বলেন, পরে কয়েক দফায় ব্যয় বাড়ানো হয়।
তার অভিযোগ, প্রকল্পের ৯৯ দশমিক ৯১ শতাংশ কাজ শেষ হওয়ার পরও বাকি শূন্য দশমিক ০৯ শতাংশ কাজের জন্য আরও ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অর্থ বরাদ্দের মাধ্যমে ঠিকাদারকে নতুন করে অনিয়মের সুযোগ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে বিমানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় প্রকল্পের ব্যয় প্রায় ২১ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছিল।
তার দাবি, টার্মিনাল ভবন নির্মাণ করা হলেও এর সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করা হয়নি। যন্ত্রপাতি আনা হলেও সেগুলোর সমন্বয়ের কাজও সম্পন্ন হয়নি।
আগের কিছু বকেয়া এবং অবশিষ্ট কাজ শেষ করতে হিসাব করে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হওয়ার কথা তুলে ধরেন তিনি। বলেন, “এই ৯০২ কোটি টাকা পরিশোধ করলে তারপরে আমরা থার্ড টার্মিনালটা চালু করতে পারব।”
জাইকার অর্থায়নে নির্মিত প্রকল্পটির ঋণের একটি কিস্তি হিসেবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ১১০০ কোটি টাকা পরিশোধ করেছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল দ্রুত চালু না হলে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের সম্পদ অব্যবহৃত পড়ে থাকবে।
টার্মিনাল চালু হলে যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে এবং আয় বাড়বে বলেও সংসদকে জানান তিনি। সেই আয় থেকে জাইকার ঋণ পরিশোধ করা সম্ভব হবে বলে তার ভাষ্য।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, টার্মিনালের ইতোমধ্যে প্রায় ৫৭ শতাংশ ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ বা ওআরএটি কাজ শেষ হয়েছে। বাকি কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা চলছে।
আগের সরকারের সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নয়টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তিতে কোনো অনিয়ম হয়েছিল কি না- সেটিও খতিয়ে দেখার উদ্যোগ নেওয়ার কথা বলেন বিমানমন্ত্রী।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজ ভাড়া নিয়েও সংসদে প্রশ্ন ওঠে।
রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, সকালে যে টিকেটের দাম ৬ হাজার টাকা থাকে, বিকালে তা ১২ হাজার টাকায় উঠে যায়।
এটিকে ‘অসহনীয়’ বলে ভাড়া সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ চান তিনি।
জবাবে বিমানমন্ত্রী বলেন, একমুখী অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেট ১২ হাজার টাকা হওয়ার তথ্য ঠিক নয়। ঢাকা-চট্টগ্রাম রুটে যাওয়া-আসার ভাড়া অনেক সময় ১২ হাজার টাকার কাছাকাছি হতে পারে। একমুখী টিকেটের মূল্য প্রায় ৬ হাজার ৪০০ টাকা।
শেষ মুহূর্তে টিকেট নিয়ে কালোবাজারি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, নির্ধারিত মূল্যেই যাতে যাত্রীরা টিকেট পান, তা নিশ্চিত করার চেষ্টা চলছে।
বিদেশগামী প্রবাসী কর্মীদের বিমান ভাড়া সহনীয় রাখতে টিকেটের কৃত্রিম সংকট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলেও সংসদে তুলে ধরেন তিনি।
এ জন্য ট্রাভেল এজেন্সি আইন এবং বেসামরিক বিমান চলাচল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশের টিকেটে বিশেষ প্রণোদনা, বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা, আলাদা ইমিগ্রেশন চ্যানেল এবং অগ্রাধিকার ভিত্তিতে চেক-ইনের উদ্যোগও নেওয়া হয়েছে।
চাঁদপুর-২ আসনের মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে হেল্প ডেস্ক, ব্যাগেজ স্ক্যানিং, ইমিগ্রেশন ও চেক-ইন ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, গত অর্থবছরে ৮৬ দশমিক ০৭ শতাংশ ক্ষেত্রে প্রথম লাগেজ ১৮ মিনিটের মধ্যে এবং শেষ লাগেজ ৫৮ মিনিটের মধ্যে সরবরাহ করা সম্ভব হয়েছে।
অনলাইন টিকেটিং সম্প্রসারণ এবং যাত্রী ও কার্গো পরিবহন বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
শাহজালালের থার্ড টার্মিনাল: পরিচালনা করতে চেয়ে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব দাখিল
থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি ‘হতে পারে অগাস্ট-সেপ্টেম্বরে’